২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ফিক্সিং: শুনানি শুরু রোববার

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে অভিযোগের শুনানি শুরু হবে রোববার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 12:44 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

শনিবার নাভানা টাওয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের আহ্বায়ক সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

“আগামীকাল থেকে অভিযুক্তদের প্রাথমিক শুনানি শুরু হবে। পরে চূড়ান্ত শুনানির তারিখ দেবো। আমরা প্রত্যেককে নোটিশ পাঠিয়েছি। কবে শেষ হবে তার কোনো সময়সীমা দিচ্ছি না। তবে যত দ্রুত সম্ভব আমরা শেষ করবো।”

তিনি জানান, শুনানি শেষে প্যানেল প্রধানের কাছেই আপিল করা যাবে। দেশের কোনো আদালতে আপিলের সুযোগ নেই। তবে চাইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে।

গত ১৪ অক্টোবর বিসিবি আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন।

১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন। অপর দুই সদস্য হলেন আজমামুল হোসেন কিউসি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের পর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযুক্ত প্রত্যেকেই বিপিএলে টানা দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। তারা হলেন দলটির মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং পাঁচ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেন এবং ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি।

শুনানিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের শীর্ষ কর্তাব্যক্তিদের না আসার ঘোষণার ব্যাপারে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে খাদেমুল ইসলাম বলেন, “তাদের এখানে আসতেই হবে। এর বেশি কিছু আমরা এই মুহূর্তে বলতে চাই না। তারা না এলে আইনে যা আছে তাই হবে।”

দেশের প্রচলিত আইন নয়, বিসিবির দুর্নীতি বিরোধী বিধি অনুযায়ী শুনানি চলবে বলে জানান ট্রাইব্যুনাল প্রধান।

শুনানির ব্যাপারটি গোপনেই হবে বলে জানান খাদেমুল হোসেন। তবে সময় সময় গণমাধ্যমে অগ্রগতি সম্পর্কে জানানো হবে। এছাড়া বিদেশীদের আইনজীবীর মাধ্যমে শুনানি চালানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।