ব্রাদার্সকে হারিয়ে সুপার সিক্সে শেখ জামাল
আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে সুপার সিক্সে উঠে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। নতুন করে আয়োজিত ম্যাচটিতে ফল হলো উল্টো। এবার ব্রাদার্সকে ৭০ রানে হারিয়ে তাদের সরিয়ে সুপার সিক্সে ঠাঁই পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান করে শেখ জামাল।
জহুরুল ইসলামের ৬৯, অস্ট্রেলিয়ান স্টিভেন ক্রুকের ৫৬ ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৩ রানের পরও ৪৫ ওভারে ২০৮ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছিল শেখ জামাল।
ব্রাদার্সের পক্ষে অধিনায়ক অলক কাপালী ৩৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৪৬ ওভার ২ বলে ২১২ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। সর্বোচ্চ ৬২ রান নাফিস ইকবালর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে অলকের ব্যাট থেকে।
৩২ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার বাঁহাতি স্পিনার রাজ্জাক। অল-রাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
এক ম্যাচের জন্য নিষিদ্ধ ব্রাদার্স অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ শেখ জামালের বিপক্ষে আগের ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে ৬ উইকেটে জিতে সুপার সিক্স নিশ্চিত করেছিল ব্রাদার্স।
এর বিরুদ্ধে শেখ জামালের আবেদনের প্রেক্ষিতে ম্যাচটি আবার আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
১০ খেলায় ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করলো শেখ জামাল। অন্যদিকে সমান খেলায় পঞ্চম হারে সপ্তম স্থানে থেকে লিগ শেষ হল ব্রাদার্সের।
সুপার সিক্সে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর, মোহামেডান, প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গী হল মুশফিকের শেখ জামাল। প্রথম তিনটি দলের পয়েন্ট ১৪। রান রেটে শেখ জামালের পেছনে প্রাইম ব্যাঙ্ক। আর ষষ্ঠ স্থানে থাকা কলাবাগানের পয়েন্ট ১১।
