ধীরে মেয়েদের ক্রিকেটে উন্নতি চান নতুন কোচ
বাংলাদেশের নারী ক্রিকেট দলের নুতন কোচ 'ধীর কিন্তু দৃঢ়' নীতিতেই বিশ্বাসী। দলকে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এভাবেই প্রস্তুত করতে চান তিনি।
নারী ক্রিকেট দলের কোচ হিসেবে সম্প্রতি অস্ট্রেলিয়ার শেন ডেইটজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মেয়াদ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
রোববার মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মহিলা ক্রিকেটারদের অনুশীলনের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী তিন মাস আমার লক্ষ্য প্রতিদিন একটু হলেও উন্নতি করা। প্রতিদিন এক শতাংশ করেও উন্নতি করতে পারলে, এখন যে পর্যায়ে আছি, তিন মাস পর তার চেয়ে ভালো দল হয়ে উঠবো।”
বাংলাদেশের মেয়েদের ক্রিকেট নিয়ে খুব একটা ধারণা নেই ডেইটজের। “কাল (সোমবার) ওরা একটা ম্যাচ খেলবে. সেখানেই দেখবো ওরা কেমন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে।”
“ওদের খেলা দেখা হয়নি। কিন্তু ওদের ফলাফল, স্কোর দেখেছি। ওদের খেলার ভিডিও দেখছি। সেখান থেকেও ধারণা নেয়ার চেষ্টা করছি”, যোগ করেন তিনি।
আগামী বছরের মার্চে বাংলাদেশে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে সালমা খাতুনের দল। বিশ্বকাপের প্রস্তুতিতে আরো সময় পেলে ভালো হতো, তবে যে সময় পেয়েছেন তাতেও ভালো করার ব্যাপারে আশাবাদী ডেইটজ।
মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়া একটি প্রতিষ্ঠিত শক্তি। দীর্ঘ সময় নিয়ে চেষ্টা করা হলে বাংলাদেশকেও সে পর্যায়ে নেয়া সম্ভব জানিয়ে নতুন কোচ বলেন, “মূল পার্থক্য পাওয়ার ও স্ট্রেংথে। ওদের (অস্ট্রেলিয়া) বেশির ভাগই পেশাদার ক্রিকেটার। মানসিকতা ও কৌশলে উন্নতি করতে পারলে ওদের পর্যায়ে যাওয়া সম্ভব। একটু সময় লাগবে কিন্তু সেরা চার দলের একটি হতে না পারার কোনো কারণ আমি দেখি না।”
