২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় শেষ শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ

তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ তাই শেষ হলো ১-১ সমতায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 10:27 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু ২২তম ওভারে আবার বৃষ্টি নামে। এরপর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য হয়ে যায় ৩৩ ওভার।

৮ উইকেটে ২১১ রান করা স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের।

দুটি করে উইকেট নেন নেইথান ম্যাককালাম, জেমস নিশাম ও মিচেল ম্যাকক্লেনাগান।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৩ ওভারে নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২১৬ রান। কিন্তু অতিথিরা ২৫ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করার পর আলোর স্বল্পতায় আর খেলা হতে পারেনি। জয়ের জন্য সে সময় তাদের প্রয়োজন ছিল ১৬৩ রান।

৬৩ রানে ৬ উইকেট হারানোর পর ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা নিশাম (অপরাজিত ৪২) ও নেইথান ম্যাককালামকে (অপরাজিত ৩৫) তাই হতাশা নিয়ে ফিরতে হয় মাঠ থেকে।

বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ তিনটি ও অফস্পিনার সচিত্রা সেনানায়েকে দুটি উইকেট নেন। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকা সেনানায়েকে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড়।

১৯ ও ২১ নভেম্বর দুটো টি-টোয়েন্টি খেলে শেষ হবে নিউ জিল্যান্ডের শ্রীলঙ্কা সফর।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩৩ ওভারে ২১১/৮ (জয়াবর্ধনে ৪৬, দিলশান ৫৩, সাঙ্গাকারা ০, থিরিমান্নে ২৩, ম্যাথিউস ০, চান্দিমাল ১৫, পেরেরা ৮, কুলাসেকারা ১৪, সেনানায়েকে ২১*, হেরাথ ১৭*; নেইথান ২/১৩, নিশাম ২/২৬, ম্যাকক্লেনাগান ২/৩৪, মিলস ১/৩৫, এলিস ১/৫১)

নিউ জিল্যান্ড: ২৫ ওভারে ১২৬/৬ (লেইথাম ৯, ডেভসিচ ৫, নিকোল ১, এলিয়ট ৩, মানরো ১, রনকি ২৩, নিশাম ৪২*, নেইথান ৩৫*; হেরাথ ৩/২৫, সেনানায়েকে ২/১৪, কুলাসেকারা ১/২০)

ম্যাচ সেরা: সচিত্রা সেনানায়েকে

সিরিজ সেরা: তিলকরত্নে দিলশান।