ভিক্টোরিয়াকে হারিয়েছে প্রাইম ব্যাংক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪০ ওভার ১ বলে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।
সর্বোচ্চ ৩৫ রান অধিনায়ক নাসির হোসেনের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মাইশুকুর রহমানের ব্যাট থেকে।
জবাবে ভিক্টোরিয়ার সাবেক খেলোয়াড় সৈকত আলীর অপরাজিত ৮১ রানের সৌজন্যে ২৬ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাঙ্ক।
সৈকতের ৯৫ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। এছাড়া রুম্মান আহমেদ ২৫ রান করেন।
ভিক্টোরিয়ার পক্ষে মারজান ভুঁইয়া ৪৪ রানে দুটি উইকেট নেন।
৯ খেলায় এটি ভিক্টোরিয়ার চতুর্থ হার। অন্যদিকে সমান খেলায় প্রাইম ব্যাঙ্কের এটি পঞ্চম জয়।
