২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের ‘শেষের শুরু’

আর মাত্র দুটো টেস্ট, তার পরই শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের সমাপ্তি। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের শেষের শুরু হচ্ছে বুধবার থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টেস্টকে ঘিরে কলকাতায় চলছে ‘শচীন-উন্মাদনা’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 08:07 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

কলকাতার মানুষ এমনিতেই ক্রিকেট-পাগল। প্রিয় মাঠ ইডেন গার্ডেন্সে ক্রিকেট-মহানায়কের ১৯৯তম টেস্টকে ঘিরে তারা রীতিমতো ক্রিকেট-জ্বরে ভুগছে!

রোববার কলকাতা বিমানবন্দরে টেন্ডুলকারকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিল কয়েক শ’ মানুষ। সোম ও মঙ্গলবার ইডেনে ভারতীয় দলের অনুশীলনেও তাকে এক নজর দেখতে হাজারো মানুষের ভীড়।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের প্রিয় মাঠে প্রিয় ক্রিকেটারের বিদায়ের মুহূর্ত রাঙিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছে।

ইডেনে ড্রেসিং রুমের ঠিক বাইরে স্থাপন করা হয়েছে টেন্ডুলকারের মোমের মূর্তি। তার বন্দনা করে ১১টি গান নিয়ে একটি সিডিও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার মিষ্টি দিয়ে তার একটি মূর্তি তৈরি করে টেন্ডুলকারকে উপহার দিয়েছে সিএবি। বয়সের সঙ্গে মিল রেখে ৪০ কেজি ওজনের কেক, টসের জন্য স্বর্ণমুদ্রা তৈরি, স্যুভেনির প্রকাশ তো আছেই।

ইডেন টেস্টের শেষ দিনেও থাকবে চমক। টেন্ডুলকারের সম্মানে বিমান থেকে ১৯৯ কেজি ওজনের গোলাপ-পাপড়ি মাঠে ছিটানো হবে।

যাকে নিয়ে এত সব আয়োজন তিনি অবশ্য যথারীতি নির্লিপ্ত। এসব উন্মাদনাকে এক পাশে সরিয়ে রেখে অনুশীলনে নিমগ্ন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।

কয়েক দিন আগে জীবনের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে তার অপরাজিত ৭৯ রানের ওপরে ভর করে মুম্বাই হরিয়ানাকে হারিয়েছে। ক্রিকেট-জীবনের শেষটা রাঙিয়ে রাখতে মরিয়া টেন্ডুলকার অনুশীলনে শুরুর দিনগুলোর মতোই একাগ্র।

মহেন্দ্র সিং ধোনির দলের প্রত্যেক সদস্যও প্রিয় সতীর্থের বিদায়কে বর্ণিল করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রথম টেস্ট শুরু হওয়ার আগে অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছে স্বাগতিক দল। চোটের কারণে খেলতে পারবেন না বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।

তার জায়গা নিতে পারেন গত শনিবার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করা রোহিত শর্মা অথবা লেগস্পিনার অমিত মিশ্র।