নিউ জিল্যান্ডের অনুশীলনে বৃষ্টির বাধা
ঢাকা টেস্ট শেষ হওয়ার পর দিন থেকেই ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে নিউ জিল্যান্ড। তবে বৃষ্টির বাধায় শনিবার অনুশীলন সংক্ষিপ্ত করতে হয়েছে তাদের।
শুধু বিরূপ আবহাওয়া নয়, হরতালও বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। রোববার দুই দলের অনুশীলন করার কথা। তবে তিন দিনের হরতাল শুরু হলে অনুশীলন বাতিল হওয়ার আশঙ্কা থাকছেই।
২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিউ জিল্যান্ডের প্রতিশোধের ‘মিশন’। ২০১০ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) হার মেনেছিল তারা। এবার সেই ‘লজ্জা’র শোধ নিতে নিউ জিল্যান্ড মরিয়া।
টেস্ট সিরিজ শেষে অতিথিদের ওয়ানডে দলে যোগ দিয়েছেন নেইথান ম্যাককালাম, অ্যান্টন ডেভসিচ, অ্যাডাম মিল্ন, জেমস নিশাম, গ্র্যান্ট এলিয়ট, মিচেল ম্যাকক্লেনাগান, কাইল মিলস ও কলিন মানরো।
চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তাদের অন্যতম সেরা পেসার টিম সাউদিও। দলের সঙ্গে থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি তিনি।
টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাচ্ছেন ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, মার্ক গিলেস্পি, ইশ সোধি, নিল ওয়াগনার, ডগ ব্রেসওয়েল, পিটার ফুলটন ও বিজে ওয়াটলিং।
বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দলে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, শামসুর রহমান, জিয়াউর রহমান ও শফিউল ইসলাম। টেস্ট দলে থাকা রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও মার্শাল আইয়ুব ওয়ানডে দলে নেই।
২৯ ও ৩১ অক্টোবর প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে সর্বশেষ ৭ ম্যাচের পাঁচটিতেই নিউ জিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ড জিতেছে একটিতে, অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
২০১০ সালের অক্টোবরের সেই সিরিজের পর এবারই প্রথম নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলবে বাংলাদেশ।
নিউ জিল্যান্ড অবশ্য এরপর মিরপুরে খেলেছে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শিরোপা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল তারা। এবারের সিরিজে ঐ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ব্রেন্ডন ম্যাককালামের দল।
