জিততে না পেরে হতাশ মুশফিক
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করলো বাংলাদেশ। তবু ভীষণ হতাশ মুশফিকুর রহিম। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে জিততে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ব্যক্তিগতভাবে আমি এই ড্রয়ে খুশি নই। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে আমরা সিরিজটা জিততে চেয়েছিলাম।”
“আমাদের লক্ষ্য ছিল সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলা। তবে কাজটা সহজ ছিল না। কারণ আমরা ৫/৬ মাস পরে টেস্ট খেলতে নেমেছিলাম। সবাই যেভাবে চাপের মধ্যে ভালো খেলেছে আমাদের জন্য তা বেশ ব্যতিক্রমী ঘটনা।”
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, “এই টেস্টের প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করেছে। আমাদের দলে ভালো খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে। আশা করি তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে।”
“আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম হয়তো সেভাবে পুরোপুরি খেলতে পারিনি, ৯০ শতাংশর মতো খেলেছি। তবে দুটো টেস্ট যেভাবে ড্র করেছি সেটা খুবই ভালো লক্ষণ। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও অনেক বড় অর্জন।”
