২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন শেষে স্বস্তিতে নিউ জিল্যান্ড

দ্বিতীয় সেশনে তিন উইকেট তুলে নিয়ে দারুণ তৃপ্ত নিউ জিল্যান্ড। অতিথিদের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের বিশ্বাস, দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে তারাই সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 06:40 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টেইলর বলেন, “দ্বিতীয় সেশনের তিন উইকেট আমাদের ভালো জায়গায় নিয়ে গেছে। তবে এই টেস্টের এখনো অনেক কিছু বাকি।”

“খেলা বন্ধ হওয়ার সময় আমরাই ভালো অবস্থায় ছিলাম। বৃষ্টি আমাদের পেসারদের বাড়তি বিশ্রামের সুযোগ করে দিয়েছে। আশা করি কাল (মঙ্গলবার) সকালে ওদের দুই-তিন জন ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দিতে পারবো। এরপর তো দ্বিতীয় নতুন বলের সুবিধা পাবই।”

৫০তম টেস্ট খেলতে নামা এই মিডল অর্ডার ব্যাটসম্যান উইকেট প্রসঙ্গে বলেন, “আমার মনে হয় চট্টগ্রামের চেয়ে এটা সম্পূর্ণ ভিন্ন উইকেট। আবহাওয়ার কারণে একটু দেরিতে এই উইকেট ভাঙ্গতে পারে। তৃতীয় দিন থেকে স্পিনারদের সহায়তা করতে পারে এই উইকেট।”

ব্যক্তিত ৫ ও ১০ রানে তামিম ইকবালের দুবার ‘জীবন’ পাওয়ার হতাশা লুকাতে পারেননি টেইলর। তিনি বলেন, “শুরুতেই কোনো ব্যাটসম্যানকে দুবার জীবন দিলে প্রতিপক্ষকে ভুগতে হয়। তামিম এই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে। যাহোক, শেষ পর্যন্ত ওকে ফেরানো গেছে। না হলে আমাদের আরো বড় মাশুল দিতে হতো।”

তামিম ও মার্শাল আইয়ুবের প্রশংসা করে টেইলর বলেন, “মার্শাল ও তামিম অনেক শট খেলেছে। অবশ্য মাঠের দুই দিকের সীমানা ১০ মিটারের মতো ছোট হওয়াটা ওদের বেশ কিছু বাউন্ডারি এনে দিয়েছে। তবে ব্যাটিংয়ের ধরনের জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। ওরা আমাদের চাপে ফেলে দিলেও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।”

নিউ জিল্যান্ডের দুই পেসার নিল ওয়াগনার এবং ডগ ব্রেসওয়েলেরও প্রশংসা করে তিনি বলেন, “উইকেট না পেলেও ব্রেসওয়েল আজকের সেরা বোলার। ভাগ্য ওর পক্ষে ছিল না। তবে আজকের মতো বল করতে পারলে সে সাফল্য পাবেই। আর ওয়াগনার দলে ফিরে দুটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে আমাদের।”