ধোনির টেন্ডুলকার-বন্দনা
অবসরের ঘোষণা দেয়ার পর থেকে আবার শুরু হয়েছে টেন্ডুলকার-বন্দনা। কয়েক দিন আগে যুবরাজ সিং প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে। এবার মহেন্দ্র সিং ধোনির মুখে শচীন টেন্ডুলকারের স্তুতি।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক দুটো ম্যাচই খেলতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার অনন্য কীর্তি গড়বেন।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে টেন্ডুলকার সম্পর্কে বলতে গিয়ে যুবরাজের মতো ধোনিও আবেগাক্রান্ত হয়ে পড়েন।
তিনি বলেন, “জানতাম (তার অবসরের) সময় ঘনিয়ে আসছে। তার সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
“তার বর্ণাঢ্য ক্যারিয়ার, ক্যারিয়ার জুড়ে শীর্ষাসনে অবস্থান সব কিছুই অতুলনীয়। ২৩ বছরেরও বেশি সময় ধরে তিনি শীর্ষে অবস্থান করছেন।”
দীর্ঘ ক্রিকেট-জীবনে টেন্ডুলকারকে প্রত্যাশার চাপের সঙ্গে লড়াই করতে হয়েছে ভীষণভাবে।
সেদিকে ইঙ্গিত করে ভারত অধিনায়ক বলেন, “আপনি দীর্ঘ দিন ধরে দলের সেরা ব্যাটসম্যান থাকলে, প্রত্যেকে আপনার পারফরম্যান্স খুঁটিয়ে-খুঁটিয়ে লক্ষ্য করবেই। সে আপনি রান করুন বা না করুন।”
“তাকে (টেন্ডুলকারকে) ভারতের কোটি-কোটি মানুষের প্রত্যাশা বয়ে বেড়াতে হয়েছে। এই সব কিছু বয়ে নিয়ে তিনি যেভাবে খেলে গেছেন তা এক কথায় অসাধারণ।”
