২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বিদায়ে আবেগাক্রান্ত যুবরাজ

যুবরাজ সিং জানিয়েছেন, আর অন্তত একবার শচীন টেন্ডুলকারের সঙ্গে খেলতে চান তিনি। তবে সেই সুযোগ না পেলেও শেষ বেলায় এই জীবন্ত কিংবদন্তির খেলা মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করার কোনো ইচ্ছা নেই তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার টেন্ডুলকার আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে অবসরের ঘোষণা দিয়েছেন।

ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের এই ঘোষণায় যুবরাজ আবেগাক্রান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৩৫ বলে অপরাজিত ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জয় এনে দেয়ার পর তিনি বলেন, “জানি না তার সঙ্গে আর কখনো খেলার সুযোগ পাব কিনা। যদি না পাই তাহলে অবশ্যই তার খেলা দেখতে মাঠে যাব।”

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যুবরাজের। এরপর টেন্ডুলকারের সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তিনি, শিখেছেন অনেক কিছু।

টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিকের সঙ্গে যুবরাজের অজস্র স্মৃতি। সে সব স্মৃতি আজো তার মনে দোলা দেয়।

টেন্ডুলকারের প্রশংসা করে ৩১ বছর বয়সী যুবরাজ বলেন, “তিনি যে কিংবদন্তি শচীন টেন্ডুলকার, তা নিয়ে কখনো অহঙ্কার করেননি। তরুণদের সামনে সবসময় তিনি হাসিখুশি থাকার চেষ্টা করতেন। যদিও তার সঙ্গে মিশতে আমাদের একটু দ্বিধা লাগতো।”

“ব্যক্তিগতভাবে মাঠে ও মাঠের বাইরে এবং জীবনে চলার পথেও সবসময় তিনি আমাকে বিভিন্ন দিকনির্দেশনা দিতেন। বিশেষ করে বিশ্বকাপের সময়, যা আমার জন্য ছিল বিশেষ কিছু। তাকে বিদায় নিতে দেখে ভীষণ কষ্ট হচ্ছে।”

টেন্ডুলকারের প্রশংসা করে যুবরাজ আরো বলেন, “এত বছর ধরে তার সঙ্গে খেলতে পারা দুর্দান্ত ব্যাপার। তিনি ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়।”

“আসলে কী বলবো বুঝতে পারছি না। শচীনের (টেন্ডুলকার) সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনি সম্ভবত ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার। তিনি ছিলেন বিশ্ব জুড়ে ক্রিকেটের দূত। তার বিদায় পুরো ভারতের জন্যই আবেগঘন মুহূর্তের জন্ম দিতে যাচ্ছে।”