তবু রাদারফোর্ডের চোখে জয়ের স্বপ্ন
মমিনুল হকের অনবদ্য এবং অন্যদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তবু প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মনে হয় আমাদের জেতার ভালোই সম্ভাবনা আছে। কাল (শনিবার) ওদের দ্রুত অলআউট করে দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ গড়তে হবে আমাদের। আড়াই সেশনের মধ্যে ওদের ১০ উইকেট নেয়া সম্ভব হতে পারে।”
“আমরা ভালো অবস্থায় আছি। এখনো ৮৯ রানে এগিয়ে আছি। যত বড় সম্ভব লিড নিয়ে ওদের দুশ্চিন্তায় ফেলতে হবে। পঞ্চম দিনে যে কোনো কিছুই হতে পারে।”
সারা দিনে পাঁচটির বেশি উইকেট নিলেও নিজের দলের বোলারদের ওপরে আস্থা রেখে রাদারফোর্ড বলেন, “আমাদের বোলারদের ২০ উইকেট নেয়ার সামর্থ্য রয়েছে। আজ (শুক্রবার) উইকেট একদম ফ্ল্যাট ছিল। আশা করি কাল থেকে টার্ন পাওয়া যাবে। পঞ্চম দিনে ভালো টার্ন পেলে স্পিনারদের পক্ষে ওদের বিপদে ফেলা সম্ভব।”
সবশেষে মমিনুলের প্রশংসা করে তিনি বলেন, “মমিনুল খুবই ভালো ব্যাট করেছে। তার দুর্দান্ত শতক আমাদের কাজ কঠিন করে তুলেছে। অসাধারণ এক ইনিংস খেলেছে সে।”
