দ্বিশতক না পেয়ে হতাশ মমিনুল
প্রথম টেস্ট শতক উপভোগ করার চেয়ে আক্ষেপেই বেশি পুড়ছেন মমিনুল হক। মাত্র ১৯ রানের জন্য দ্বিশতক থেকে বঞ্চিত হওয়ায় তিনি ভীষণ হতাশ।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “দ্বিশতক না পেয়ে অবশ্যই হতাশ। এমন সুযোগ আর কখনো পাব কিনা জানি না। জীবনের প্রথম টেস্ট শতক পেয়ে আনন্দিত ঠিকই, কিন্তু (দ্বিশতক না হওয়ায়) আমি হতাশ।”
“অবশ্য এতো বড় ইনিংস খেলার কথা চিন্তাও করিনি। ১০০র কথা হয়তো ভেবেছিলাম, কিন্তু এতদূর যাওয়ার কথা কল্পনাও করিনি।”
১৮১ রানের অনবদ্য ইনিংস খেললেও নিউ জিল্যান্ডের বোলারদের প্রশংসা করে মমিনুল বলেন, “কালকে (বৃহস্পতিবার) আমি খারাপ বল বেশি পেয়েছিলাম। আজ ওরা বুঝে ফেলেছিল আমি কোন জায়গায় ভালো খেলি, কোন জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। ওরা আজ ভালো জায়গায় বল করেছে।”
৯৮ বলে শতরানে পৌঁছানোর পর ধীর গতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “১০০তে পৌঁছানোর আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলাম। কারণ শতক করার চাপ। আমি ১৫০ করার পর ওরা নতুন বল নেয়। নতুন বলে ওরা খুব ভালো বল করেছে। পেসারদের বল মাঝে-মাঝে নিচু হয়ে যাওয়ায় সতর্ক হয়ে খেলতে হচ্ছিল।”
“আমাদের পরিকল্পনা ছিল বলের মেরিট অনুযায়ী খেলা, বাজে বলের জন্য অপেক্ষা করা। আমরা এখন ভালো অবস্থানে আছি। তবে আরেকটা উইকেট কম হারালে আরো ভালো হতো। আমাদের লক্ষ্য কাল (শনিবার) যত বেশি সম্ভব ব্যাট করা।”
