বাংলাদেশকে ‘বিধ্বস্ত’ করতে চান বন্ড
নিউ জিল্যান্ডের বোলিং কোচ শেন বন্ড জানিয়েছেন, উইকেট পেসারদের জন্য তেমন সহায়ক না হলেও গতির ঝড় তুলে বাংলাদেশকে ‘বিধ্বস্ত’ করাই তাদের লক্ষ্য।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে নিউ জিল্যান্ডের অনুশীলনের ফাঁকে সাবেক গতি তারকা বলেন, “আমার মনে হয় উইকেট নিচু ও মন্থর হলেও আমাদের পেসাররা বাংলাদেশের বিপক্ষে সাফল্য পাবে। অতীতেও তা হয়েছে। পেসারদের জন্য আমার একটাই বার্তা, জোরে আর খাটো লেন্থে বল করো।”
“টেস্টের সময় বেশ গরম থাকবে আর উইকেটও ফ্ল্যাট হবে। তবে আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলবো। ছেলেরা এই ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শ্রীলঙ্কায় কিছু দিন কাটিয়ে এসেছে। তবু আমি বলবো, সিরিজটা কঠিন হতে যাচ্ছে।”
বাংলাদেশের প্রতি সমীহ প্রকাশ করে নিউ জিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার বলেন, “ঘরের মাটিতে নিঃসন্দেহে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। ওদের স্পিন বিভাগও চমৎকার।”
গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস। বন্ড জানান, স্টাইরিস বাংলাদেশ দলের কয়েক জন ক্রিকেটার ও উইকেট সম্পর্কে তাদের ধারণা দিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে আমরা কাজ করছি। কয়েক জনের খেলার ধরন প্রায় একই রকম। তাদের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। বল নতুন বা পুরনো যা-ই হোক, সঠিক জায়গায় বল করে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”
