২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেনের প্রতি ক্লাব সমিতির আহ্বান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে আদালতে না নেয়ার জন্য সাবের হোসেন চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব সমিতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার মোহামেডান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাব সমিতির আহ্বায়ক মঞ্জুর কাদের বলেন, “সাবের হোসেনের প্রতি আমাদের আহ্বান, কোর্ট-কাচারি ছেড়ে দিয়ে ক্রিকেটের চলার পথ মসৃণ করুন। বিসিবি নির্বাচন আসন্ন। এই সময় একটি মহল যা করছে তা কারোরই কাম্য নয়। আমরা চাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ক্রিকেট পরিচালিত হোক।”

শেখ জামাল ক্লাবের এই সভাপতি আরো বলেন, “সাবের হোসেন অনেক বড় মাপের সংগঠক। তবে পাপন (নাজমুল হাসান) তার চেয়ে ভালোভাবে বিসিবি চালাচ্ছেন। একটি মহল ক্রিকেটকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তার হাত থেকে ক্রিকেটকে রক্ষা করতে হবে।”

কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নাজমুল করীম বলেন, “এখানে আমরা উপস্থিত হয়েছি কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করতে এবং তাদের সমর্থন পাওয়ার জন্য। নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু নির্বাচনকে ঘিরে বাইরের কোনো অপশক্তির মুখাপেক্ষী হওয়া ঠিক নয়। নির্বাচনকে বিতর্কিত করার জন্য কারো আদালতে যাওয়াও আমাদের কাম্য নয়।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ, মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, আই এইচ মল্লিক, জালাল ইউনুস প্রমুখ।