২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড সিরিজ সূচনায় প্রস্তুত চট্টগ্রাম

নিউ জিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ও এর আগের প্রস্তুতি ম্যাচ আয়োজনে চট্টগ্রাম প্রস্তুত বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 08:05 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন বলেন, "নিরাপত্তা ব্যবস্থাসহ টেস্ট ও প্রস্তুতি ম্যাচের আনুষাঙ্গিক সব আয়োজন শেষ করা হয়েছে। আসন্ন ঈদ, দুর্গা পুজা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি।"

“জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা গরু বাজারের ইজারাদার, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। কোরবানির ঈদের আগে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচ চলাকালে মাঠে যাতায়াত নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেয়া হবে”, যোগ করেন তিনি।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার ঢাকায় আসছে নিউ জিল্যান্ড দল। পরদিন প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে পৌঁছাবে তারা। ৯ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

এর আগে ৪ থেকে ৬ অক্টোবর বিসিবি একাদলের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। আট বছর পর আবার কোনো আন্তর্জাতিক দল খেলতে নামছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ভেন্যু এই স্টেডিয়ামে।

নাছির উদ্দিন বলেন, “বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাক্ষী এম এ আজিজে আবার ক্রিকেট ফিরে আসছে। এটা আমাদের জন্য মর্যাদার ব্যাপার।”

প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি হবে এম এ আজিজ স্টেডিয়ামে। এ ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিট ৩০ টাকা ও প্যাভেলিয়নের টিকিটের মূল্য পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে। আর টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা কেন্দ্র থেকে টিকিট বিক্রি হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস’র সহ-সভাপতি মোজাম্মেল হক, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান চৌধুরী, আল্লামা মোহাম্মদ ইকবাল প্রমুখ।