অস্ট্রেলিয়ার ‘হাই পারফরম্যান্স’ কোচ হিক
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রায়েম হিককে ‘হাই পারফরম্যান্স’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গত চার মাস ধরে সিএ’র পরামর্শক হিসেবে কাজ করা ৪৭ বছর বয়সী হিক প্রতিভা অন্বেষণ কর্মসূচীর আওতায় কাজ করবেন।
নতুন দায়িত্বে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হলেন হিক। গত জুনে কুইন্সল্যান্ড রাজ্য দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার জন্য ‘হাই পারফরম্যান্স’ কোচের দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের সাবেক কোচ ল।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ঈর্ষণীয় সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন রান পাননি হিক। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ৬৫টি টেস্ট খেলে ছয়টি শতকসহ ৩১.৩২ গড়ে তার মোট রান ৩,৩৮৩।
অথচ ২০০৮ সালে অবসর নেয়া হিক প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩৬টি শতকসহ ৪১,১২২ রানের মালিক।
বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কাছাকাছি গোল্ড কোস্টে বসবাস করেন তিনি।
