২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও মহিলা ক্রিকেটারদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচেও হার মেনেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরে গেছে সালমা খাতুনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 09:37 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

টি-টোয়েন্টি সিরিজের মতো তাই ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ১৭৭ রানে অলআউটট হয়ে যায় বাংলাদেশ।

রুমানা আহমেদ (৪৩) ও আয়েশা রহমানের (৭০) মধ্যে গড়ে ওঠা ৯৩ রানের দ্বিতীয় উইকেট জুটির সুবাদে দুই উইকেটে ১৩৪ রানে পৌঁছালেও ভালো সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা।

রুমানা ও আয়েশার বিদায়ের পর লতা মণ্ডল (২৩) ছাড়া বাকিদের ব্যর্থতাই তার কারণ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৫ রানে ৩ উইকেট নেন মার্সিয়া লেতসোয়ালো। জবাবে অধিনায়ক মিগনন দ্যু প্রিজের (২৩) সঙ্গে ৪৮ ও মারিজান্নে কাপের (অপরাজিত ৫৯) সঙ্গে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে স্বাগতিকদের ৭২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন তৃষা চেট্টি (অপরাজিত ৭৬)। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও রুমানা আহমেদ।