২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজী ট্যাঙ্কের নাটকীয় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১২ রানের নাটকীয় জয় পেয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

জয়ের ধারায় ফেরা গাজী ট্যাঙ্কের তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচে কলাবাগানের দ্বিতীয় হার।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৪ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে ৪৯ ওভার ৩ বলে ২৩৬ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১১০ রানে চার উইকেট হারিয়ে ফেলা কলাবাগানের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন দুই শ্রীলঙ্কান জিহান মুবারক ও চামারা কাপুগেদারা।

৮৩ বলে ৬৫ রান করা মুবারককে বোল্ড করে পেসার রুবেল হোসেন ৬৪ রানের জুটি ভাঙ্গলেও দলকে ৫ উইকেটে ২২০ রানে পৌঁছে দিয়েছিলেন কাপুগেদারা। জয়ের জন্য শেষ ১৯ বলে ২৪ রান প্রয়োজন ছিল কলাবাগানের। কিন্তু ১৬ রানের ব্যবধানে কাপুগেদারাসহ (৬০) শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা। গাজী ট্যাঙ্কের পক্ষে অধিনায়ক মাহমুদুল্লাহ, আরাফাত সানি ও রুবেল দুটি উইকেট নেন। কলাবাগানের বাকি চার ব্যাটসম্যানই রান আউট হন। এর আগে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ (৫০) ও তারিক উসমানের (৫০) দুটি অর্ধশতক এবং রকিবুল হাসান (৩৯) ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিসের (৩৪) দুটি দায়িত্বশীল ইনিংসের সুবাদে আড়াই শর কাছাকাছি পৌঁছায় গাজী ট্যাঙ্ক।