বোর্ড প্রধানকে পাশে পাচ্ছেন মিসবাহ
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে তীব্র সমালোচনার মুখে পড়া পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নাজাম সেঠি।
গত শনিবার হারারেতে দ্বিতীয় টেস্টের মিসবাহের লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত ২৪ রানে হেরে যায় পাকিস্তান। ফলে দুই টেস্টের সিরিজটি ১-১এ শেষ হয়। প্রায় ১৫ বছর পর ছোট কোনো দলের কাছে টেস্ট হারলো ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তাছাড়া এবারের জিম্বাবুয়ে সফরে একটি ওয়ানডেতেও হেরেছিল পাকিস্তান। যদিও শেষ দুটি ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় তারা।
দলের এমন 'হতাশাজনক' ফলে ভক্তদের মনে তাই জন্ম নিয়েছে ক্ষোভ। দেশের অনেক সাবেক ক্রিকেটাররাও বেশ ক্ষুব্ধ। ওয়ানডে অধিনায়কের পদ থেকে মিসবাহের অপসারণে সমালোচকদের দাবি আরো জোরদার হয়েছে।
তবে পিসিবির ভারপ্রাপ্ত প্রধান সেঠি ৩৯ বছর বয়স্ক মিসবাহর অধিনায়কত্বে কোনো সমস্যা দেখছেন না।
“মিসবাহর অধিনায়কত্বে আমি সন্তুষ্ট। অধিনায়ক পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।”
জিম্বাবুয়ে সফরের খারাপ ফল বড় কোনো দুর্ঘটনা নয় বলেও মনে করেন তিনি।
“প্রত্যাশিত ফল না আসায় নিশ্চয় কোনো ভুমিকম্প হবে না।”
খারাপ সময়ে অধিনায়কের পাশে দাঁড়ালেও অন্তবর্তকালীন বোর্ড সভাপতির চেয়ারে মোটেও ভালো নেই সেঠি। আদালত তার ক্ষমতার উপর যেসব বিধি-নিষেধ আরোপ করেছে তাতে বেশ বিরক্তও তিনি। তাই পদত্যাগের হুমকি দিয়েছেন সেঠি।
