২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের এক উইকেটের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) নাটকীয়ভাবে এক উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 08:18 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

লিগে শেখ জামালের এটি টানা দ্বিতীয় জয় ও সিসিএসের দ্বিতীয় হার।

মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ২৪৭ রানে অলআউট হয়ে যায় সিসিএস।

জবাবে শেখ জামালের ইনিংসের ৩০তম ওভারে বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৩৯ রান। এক বল হাতে রেখে সেই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

জুনায়েদ সিদ্দিক ৪২ এবং অধিনায়ক মুশফিকুর রহিম ৩৬ রান করলেও ১০৯ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে যায় পড়ে শেখ জামাল। তবে ইলিয়াস সানির (২০) সঙ্গে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের (৭৮ বলে ৮৩) ৮৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে আব্দুর রাজ্জাকের ৪ বলে অপরাজিত ১২ রান রোমাঞ্চকর জয় এনে দেয় শেখ জামালকে।

সিসিএসের পক্ষে ২৬ রানে ৩ উইকেট নেন বিশ্বনাথ হালদার।

এর আগে উত্তম সরকার (৫৬), জিহান রুপাসিংহে (৫০), নুরুল হাসান (৩৫), নাজমুল মিলন (৩৩) ও অধিনায়ক অমিত মজুমদার (৩০) লড়াই করার মতো সংগ্রহ এনে দেন প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যাওয়া সিসিএসকে।

৫০ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সবচেয়ে সফল বোলার পেসার শফিউল ইসলাম।