২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের শতকের পরও ব্রাদার্সের হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে শতক করে ম্যাচ সেরা হলেও ব্রাদার্স ইউনিয়নকে জয় এনে দিতে পারেননি নাফিস ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 06:37 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

বরং শতক করে নাফিসের দলের বিপক্ষে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ৭৯ রানের জয় এনে দিয়েছেন শ্রীলঙ্কার বান্দারা রাজাপাকসা।

মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাঙ্ক। জবাবে ৪৫ ওভার ২ বলে ২৫৫ রানে অলআউ হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।

দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর ব্যাট করতে নামা নাফিসকে প্রায় একাই লড়াই করতে হয়েছে। ১৪০ বলে ২১ চার ও এক ছক্কায় ১৫০ রান করার পর পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় তিনি আর ব্যাট করতে পারেননি।

আগেই ব্রাদার্সের ৯ উইকেট পড়ে যাওয়ায় খেলারও সেখানেই সমাপ্তি।

ব্রাদার্সের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান অধিনায়ক ও নাফিসের ছোট ভাই তামিম ইকবালের। নাফিসের সঙ্গে সর্বোচ্চ ৫৬ রানের জুটি গড়ার পথে ২৩ রান করেন মেহরাব হোসেন।

৩৬ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাঙ্কের সেরা বোলার অধিনায়ক এনামুল হক জুনিয়র। দুটি করে উইকেট নেন তাপস বৈশ্য ও ফরিদউদ্দিন মাসুদ।

সকালে প্রথম ওভারেই সৈকত আলীকে হারালেও দ্বিতীয় উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে বান্দারার মাত্র ১৩৫ বলে গড়ে ওঠা ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাঙ্ক।

জিয়ার ৬৯ বলের আক্রমণাত্মক ইনিংসে ৭টি বিশাল ছক্কা ও ৬টি চার।

জিয়ার বিদায়ের পর মাহমুদুল হাসানের সঙ্গে ৫২ রানের আরেকটি ভালো জুটি গড়েন লিগে প্রথম শতক করা বান্দারা। এই বাঁহাতি ব্যাটসম্যানের ৯৭ বল স্থায়ী ১০৭ রানের ইনিংসটি ৬টি ছক্কা ও ৯টি চারে সাজানো।

দলীয় ২১৮ রানে বান্দারার বিদায়ের পর প্রাইম ব্যাঙ্ককে সাড়ে তিন শ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব মাহমুদুল (৫৪), শ্রীলঙ্কান উইকেটরক্ষক সামান ডি জয়সা (২৯) ও তাইবুর পারভেজের (২৫)।

ব্রাদার্সের পক্ষে ৫২ রানে ৩ উইকেট নেন সানজামুল ইসলাম।