দ. আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হাশিম আমলা
দ্বিতীয়বারের মতো ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা ক্রিকেটার হলেন ব্যাটসম্যান হাশিম আমলা।
২০১০ সালেও এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন আমলা। এর আগে কেবল মাখায়া এনটিনি (২০০৫, ২০০৬) ও জ্যাক ক্যালিসই (২০০৪, ২০১১) দুইবার এ পুরস্কার জিতেছিলেন।
শুধু বর্ষসেরার পুরস্কারই নয় সোমবার রাতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং ভক্তদের ভোটে সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রানের জন্য পেয়েছেন কেএফসি 'সো গুড' পুরস্কারও।
গত জুনে শেষ হওয়া ২০১২-১৩ মৌসুমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে এসব পুরস্কার দেয়া হয়।
এই মৌসুমে ভালো খেলার জন্য আমলা ও দক্ষিণ আফ্রিকা দলের প্রশংসা করেন সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত।
"আমাদের সেরা খেলোয়াড়দের জন্য আরেকটা অসাধারণ মৌসুম কেটেছে। আর হাশিম ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড টেস্ট স্কোর করেছে। আমাদের দেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ত্রিশতক করেছে সে। আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ও ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যানও হয়েছে হাশিম।"
ওয়ানডের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভোটেও বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
পেস বোলার ডেইল স্টেইন নির্বাচিত হয়েছেন টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার।
বর্ষসেরা নতুন ক্রিকেটার হয়েছেন গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকে ২৯ রানে ৭ উইকেট নেয়া কাইল অ্যাবট।
