টেন্ডুলকারের টেস্ট নিয়ে লড়াই
ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দুইশ'তম টেস্ট আয়োজন করা নিয়ে ভারতের রাজ্যগুলোর ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।
আগামী নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। আর ঐ সিরিজের দ্বিতীয় টেস্টটিই হবে টেন্ডুলকারের ২০০তম টেস্ট। প্রথম ক্রিকেটার হিসেবে ‘লিটল মাস্টারে’র এই কীর্তির সাক্ষী হতে উঠে পড়ে লেগেছে ভারতের তিনটি রাজ্যের ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রমানুযায়ী টেস্ট আয়োজনের নীতি মানা হলে ঐ দুটি টেস্ট আয়োজনের দাবীদার যথাক্রমে ব্যাঙ্গালোর ও আহমেদাবাদ। সে হিসেবে ইতিহাস সৃষ্টি হবে আহমেদাবাদের দ্বিতীয় টেস্টে। তবে তাদেরকে ছাড়িয়ে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে চায় পশ্চিম বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি) ও মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।
সিএবির যুক্তি, 'মাস্টার ব্লাস্টার' টেন্ডুলকার পুরো দেশের সম্পদ। সুতরাং তার ইতিহাস গড়ার ম্যাচটি হওয়া উচিত কলকাতার ইডেন গার্ডেনে। কারণ স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি।
অন্যদিকে এমসিএ -এর যুক্তি, মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম যেহেতু টেন্ডুলকারের ঘরের মাঠ সেহেতু এখানেই ম্যাচটি হওয়া উচিত।
নিয়ম অনুযায়ী ইতিহাসের সাক্ষী হওয়ার সত্যিকারের যে দাবিদার, সেই গুজরাট ক্রিকেট সংস্থাও (জিসিএ) কিন্তু তা হারাতে নারাজ। তারা টেস্ট আয়োজনের ক্রমানুযায়ী টেস্ট আয়োজনের নীতি মেনে চলা আহমেদাবাদে টেন্ডুলকারের দুইশ'তম টেস্টটি আয়োজনের জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে।
