সুস্থ হয়ে অনুশীলনে টেন্ডুলকার
হাতে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা শচীন টেন্ডুলকার নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন।
ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের লক্ষ্য আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অংশগ্রহণ। ভারতে ১৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট হবে।
গত মাসে লন্ডনে অস্ত্রোপচার করানো টেন্ডুলকার জানিয়েছেন, “মে মাসে আইপিএলে খেলার সময় হাতে ব্যথা পাওয়ায় আমাকে অস্ত্রোপচার করাতে হয়েছে। ১০ দিন ধরে নেটে ব্যাটিং অনুশীলন করছি। এখন আমার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে খেলা।”
১৩ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলার সময় হাতে ব্যথা পান টেন্ডুলকার। এরপর আর আইপিএলে খেলতে পারেননি টেস্ট-ওয়ানডে দুটোরই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক।
তাকে ছাড়াই প্রথম বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
