সেমিতে সাকিবের দল, তামিমের দলের বিদায়
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে আবার ব্যর্থ তামিম ইকবাল। তার দল সেন্ট লুসিয়া জুকস শনিবার ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
শনিবার অপর খেলায় হারলেও সেমি-ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
প্রতিপক্ষের মাঠ কিংস্টনের স্যাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯৯ রান করে সেন্ট লুসিয়া।
সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ফিদেল এডওয়ার্ডসের বলে বোল্ড হওয়ার আগে ৮ বলে মাত্র ৫ রান করেন তামিম।
ত্রিনিদাদের পক্ষে স্যামুয়েল বদ্রি ১৮ রানে ২ উইকেট নেন।
জবাবে কেভিন ও’ব্রায়েনের ৩৭ রানের সুবাদে ১৭ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনিদাদ ও টোবাগো। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আদ্রিয়ান বারাথের। ১৫ রানে অপরাজিত থাকেন ড্যারেন ব্রাভো।
সেন্ট লুসিয়ার পক্ষে গ্যারি মাথুরিন ২৪ রানে ২ উইকেট নেন।
সাত খেলা শেষে সেন্ট লুসিয়ার পয়েন্ট ৪।
শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার কাছে ৬ উইকেটে হারে বার্বাডোজ।
প্রতিপক্ষের মাঠ কিংস্টনের স্যাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৩ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন ডোয়াইন স্মিথ। ব্যাট করার সুযোগ পাননি সাকিব।
জবাবে ১৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। সর্বোচ্চ ২৮ রান আহমেদ শেহজাদের। ২৭ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
৪ ওভার বল করে ২২ রানে ১ উইকেট নেন সাকিব।
এই হারের আগেই অবশ্য সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বার্বাডোজ। শেষ চারের অন্য তিনটি দল হলো, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তাল্লাওয়াশ এবং ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিল।
