২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির সমালোচনায় ফোরাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কঠোর সমালোচনা করেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ (ফোরাম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরাতন ভবনের সম্মেলন কক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে ফোরাম সভাপতি ইউসুফ জামিল বাবু বলেন, “বিসিবি নির্বাচনে সভাপতি পদে পাপনকে (নাজমুল হাসান) সমর্থন দেবো না। তিনি ক্রিকেটে সম্পূর্ণ অনভিজ্ঞ এজন লোক।”

ফোরাম কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয় দাবি করে তিনি বলেন, “তিনি আমাদের দুর্নীতি নিয়ে কথা বলেন। অথচ কক্সবাজার স্টেডিয়ামে নিজেরা ৩০ কোটি টাকার কাজ ভাগাভাগি করে নিয়েছেন। টেন্ডার ছাড়াই কাজ দেওয়া হয়েছে মাহবুব আনাম ও আজম নাসিরদের।”

টাকা এবং কোটি টাকার কাজের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর কেনার অভিযোগও করেছেন বিসিবির সাবেক এই পরিচালক।

আসন্ন নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুরও। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সচিব পদমর্যাদার একজন ব্যক্তি বিভিন্ন জেলায় পছন্দের লোককে কাউন্সিলশিপ দিতে জেলা প্রশাসকদের ফোন দিচ্ছেন বলে আমরা অভিযোগ পেয়েছি।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজউদ্দিন আলমগীর, কুতুবউদ্দিন আকসীর, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, আমির হোসেন বাহার, নজরুল ইসলাম প্রমুখ।