ত্রিদেশীয় সিরিজ থেকে অনূর্ধ্ব-১৯ দলের বিদায়
ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক দলের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের এটা টানা চতুর্থ হার।
৬ খেলায় মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশের সংগ্রহ তিন পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলে পাকিস্তানের ৯ ও ইংল্যান্ডের চার পয়েন্ট।
বৃহস্পতিবার ওরস্টারশায়ারের কাউন্টি গ্রাউন্ডে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করে বাংলাদেশ। জবাবে ৪০ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
১৫ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে দু শ’র কাছাকাছি নিয়ে যায় চতুর্থ উইকেটে মেহেদি হাসান মিরাজের (২৯) সঙ্গে নাজমুল হাসানের (৩৩) ৫৫ এবং অষ্টম উইকেটে রাহাতুল ফেরদৌসের (২২) সঙ্গে জয়রাজ শেখের (৪৭) ৪৭ রানের জুটি।
ইংল্যান্ডের পক্ষে ম্যাথু ফিশার ও উইল রোডস তিনটি করে উইকেট নেন।
জবাবে দলীয় ১৬ রানে হ্যারি ফিঞ্চ বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে জোনাথন টাটেরসালের (৭৩*) সঙ্গে রায়ান হিগিনসের ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের সহজ জয় এনে দেয়।
১১২ রানে অপরাজিত হিগিনসের ১০২ বলের ইনিংসে ১৩টি চার ও তিনটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৯৮ (শাহরিয়ার ৪, মোসাদ্দেক ০, সাদমান ৯, মিরাজ ২৯, নাজমুল ৩৩, জসিম ১৩, জয়রাজ ৪৭, হায়দার ৬, ফেরদৌস ২২, রিফাত ২২, যুবায়ের ০*; ফিশার ৩/৩৩, রোডস ৩/৩৭, কার্ভার ২/৩০, হ্যামন্ড ১/৩৬, উইন্সলেড ১/৪০)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪০.৫ ওভারে ১৯৯/১ (টাটেরসাল ৭৩*, ফিঞ্চ ৮, হিগিনস ১১২*; রিফাত ১/২৭)
