গ্ল্যাডিয়েটর্সকে ঘিরে আরেকটি শঙ্কা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে টুর্নামেন্টের টানা দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদের বিরুদ্ধে। তাই দলটির কাছ থেকে পাওনা আদায় নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
ম্যাচ পাতানো নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিবেদনে নাম থাকা ৯ জনই গ্ল্যাডিয়েটর্সের। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসনও জানিয়েছেন, এই দলটিকে ঘিরেই ম্যাচ পাতানো কেলেঙ্কারির জন্ম।
গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া দ্বিতীয় বিপিএলের পাওনা ৩১ অগাস্টের মধ্যে পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
বিসিবি অবশ্য আশাবাদী, দলের ৯ জন অভিযুক্ত হলেও নির্ধারিত সময়েই টাকা পরিশোধ করবে গ্ল্যাডিয়েটর্স।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “বকেয়া আদায় এক ব্যাপার আর ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের শাস্তি দেয়া আরেক ব্যাপার। দুটিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। বকেয়া আদায়ে গভার্নিং কাউন্সিল পদক্ষেপ নিয়েছে। আশা করি বকেয়া আদায়ে কোনো সমস্যা হবে না।”
এ প্রসঙ্গে বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আইএইচ মল্লিক বলেন, “আশা করি ওরা (গ্ল্যাডিয়েটর্স) নির্ধারিত সময়ের ভেতর টাকা পরিশোধ করবে। তা না পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আমরা বাধ্য হবো।”
বারবার সময় বাড়ানো হলেও বকেয়া পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বাধ্য হয়ে ঈদের আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে বিসিবি।
গ্ল্যাডিয়টর্সের দ্বিতীয় বিপিএলের শিরোপা কেড়ে নেয়া হবে কিনা জানতে চাইলে আইএইচ মল্লিক বলেন, “এটা ট্রাইব্যুনালের হাতে। শুনানি শেষে ট্রাইব্যুনাল যদি মনে করে ওদের শিরোপা কেড়ে নেয়া উচিৎ, তা হলে তাই হবে। ট্রাইব্যুনাল এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।”
