‘এ’ দলের টানা তৃতীয় হার
ইংল্যান্ড সফরে হেরেই চলেছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের কাছে ৭ উইকেটে হেরে গেছে তারা। ‘এ’ দলের এটা টানা তৃতীয় হার।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৩ বলে ১৭১ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল। জবাবে ৩৩ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ল্যাঙ্কাশায়ার।
৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ‘এ’ দলকে চতুর্থ উইকেটে শামসুর রহমান-নাঈম ইসলামের ৮৫ রানের জুটি স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু ৪ উইকেটে ১২৪ রানের ভালো অবস্থান থেকে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি তারা।
নিয়মিত অধিনায়ক জহুরুল ইসলামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া নাঈমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। ৮৯ বলের এই ইনিংসে ৫টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান শামসুরের।
