২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজার্সের শতকে অস্ট্রেলিয়ার স্বস্তি

উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্সের অপরাজিত শতকে চতুর্থ টেস্টে স্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। শনিবার দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২২২ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৩৮ রানে থামিয়ে দেয়ায় অতিথিরা মাত্র ১৬ রানে পিছিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 11:49 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

দিনের শেষটা ভালো হলেও শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। স্টুয়ার্ড ব্রডের তোপে দলীয় ১২ রানে প্রথম ও দ্বিতীয় এবং ৪৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে তারা।

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা ও অধিনায়ক মাইকেল ক্লার্কের তিনটি মূল্যবান উইকেটই ব্রডের। ওয়ার্নার বোল্ড, খাজা কট বিহাইন্ড এবং আগের ম্যাচে দারুণ এক শতক করা ক্লার্ক দায়িত্বহীন শট খেলে স্লিপে প্রতিপক্ষ অধিনায়ক অ্যালিস্টার কুকের তালুবন্দী। মধ্যাহ্ন-বিরতির সময় ৩ উইকেটে ৭৫ রানে থাকা অস্ট্রেলীয়রা বেশ দুশ্চিন্তায় ছিল।

মধ্যাহ্ন-বিরতির পর দ্বিতীয় ওভারে আবার আঘাত। স্টিভেন স্মিথকে (১৭) টিম ব্রেসনান ম্যাচ প্রায়রের গ্লাভসবন্দী করলে স্কোর দাঁড়ায় ৭৬/৪।

সেখান থেকে দলকে ৪ উইকেটে ২০৫ রানে নিয়ে যাওয়ার কৃতিত্ব রজার্স ও শেন ওয়াটসনের। পঞ্চম উইকেটে দুজনের ১২৯ রানের জুটির সৌজন্যে বড় লিড নেয়ার স্বপ্ন দেখছে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া।

ওয়াটসন ৬৮ রান করে ব্রডের চতুর্থ শিকারে পরিণত হলেও রজার্স আস্থার প্রতিমূর্তি হয়ে খেলে যাচ্ছেন। জীবনের পঞ্চম টেস্টে প্রথম শতক করে তিনি ১০১ রানে অপরাজিত। ২৩৩ বলের ইনিংসটি সাজানো ১৩টি চারে।

৪৮ রানে ৪ উইকেট নিয়ে ব্রড ইংল্যান্ডের সেরা বোলার।

এর আগে ৯ উইকেটে ২৩৮ রান নিয়ে ব্যাট করতে নেমে আর কোনো রান করতে পারেনি ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে জ্যাকসন বার্ড জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে অলআউট করে দেন স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৩৮ (কুক ৫১, রুট ১৬, ট্রট ৪৯, পিটারসেন ২৬, বেল ৬, বেয়ারস্টো ১৪, প্রায়র ১৭, ব্রেসনান ১২*, ব্রড ৩, সোয়ান ১৩, অ্যান্ডারসন ১৬; লিয়ন ৪/৪২, বার্ড ২/৫৮ হ্যারিস ২/৭০, ওয়াটসন ১/২১, সিডল ১/৪১)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
: ২২২/৫ (রজার্স ১০১*, ওয়ার্নার ৩, খাজা ০, ক্লার্ক ৬, স্মিথ ১৭, ওয়াটসন ৬৮, হ্যাডিন ১২*; ব্রড ৪/৪৮, ব্রেসনান ১/৬০)