রানে ফিরতে মরিয়া সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান এখন রানে ফিরতে মরিয়া। সিপিএলে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস জিতেছে টানা তিন ম্যাচ ম্যাচ। বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে শেষ দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ‘বোলার’ সাকিব।
ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে রীতিমত ভয়ঙ্কর ছিলেন সাকিব। মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড এখন তার।
কিন্তু একদিনের ক্রিকেটে এক নম্বর এই অলরাউন্ডারের ব্যাটে এখন দারুণ খরা। তিন ম্যাচে তার রান ৫, ১ ও ১; সব মিলিয়ে ৭।
রানে ফিরতে সাকিব যে কতটা মরিয়া তা তার কথাতেই বোঝা যাচ্ছে।
“আমাকে যদি শতরান আর ৫ উইকেট বেছে নিতে বলেন আমি শতরানই বেছে নেব। উইকেটের চেয়ে আমি রান পেতে বেশি ভালোবাসি।”
“আমি অলরাউন্ডার তবে আমি সব সময় বোলিংযের চেয়ে আমার রান করাকে বেশি গুরুত্ব দেই। আমার ধারণা যে কারোর চেয়ে এখন আমি বেশি মরিয়া (রান পেতে)”, যোগ করেন তিনি।
সেই ইংল্যান্ড খেকে রান নেই সাকিবের ব্যাটে। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়েও কোনো অর্ধশতক পাননি। ইংল্যান্ডে তার সর্বোচ্চ রান ছিল ৪৩।
টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে সাকিব
সেই ইনিংস সম্পর্কে সাকিব বলেন, “ঐ সময়ে আমার উইকেটে থাকা প্রয়োজন ছিল। সে সময় ফিদেল উইকেট পাচ্ছিলেন, তাকে দেখেশুনে খেলার পরিকল্পনা ছিল। কিন্তু তাড়াহুড়ো করে শট খেলায় তা হয়নি।”
“আমি সহজেই বলটি ছেড়ে দিতে পারতাম। কারণ আমরা দেড়শ’ বা ঐ রকম কোনো লক্ষ্য তাড়া করছিলাম না। আমি নিজেকে নিয়ে হতাশ ছিলাম অন্য কিছু নয়,” যোগ করেন তিনি।
নিজের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সাকিব বলেন, “আমি ভাগ্যবান, টি-টোয়েন্টিতে প্রতিদিন তুমি ৬ উইকেট পাবে না। চার ওভার বল করে ৬ উইকেট পাওয়ার মতো ঘটনা জীবনে একবারই ঘটে।”
