স্যান্ডলার ও ড্রিউ ব্যারিমোরের ছবিতে স্টেইন
দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইনকে দেখা যাবে সিনেমার বড় পর্দাতেও। অ্যাডাম স্যান্ডলার আর ড্রিউ ব্যারিমোর অভিনীত 'দ্য ফ্যামিলিমুন' ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শুটিংয়ের জন্য সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের হলিউডে গিয়েছিলেন স্টেইন। ছবিতে আরেকটি অতিথি হিসেবে অভিনয় করেছেন বাস্কেটবল তারকা শাকিল ও'নিলও।
এ ছবির কাহিনী গড়ে উঠেছে এক জুটিকে নিয়ে যারা তাদের আগের ঘরে ছেলেমেয়েদের নিয়ে একটি ফ্যামিলি রিসোর্টে বেড়াতে যান।
স্টেইন জানান, তিনি স্যান্ডলার ও বাকিসব অভিনয়শিল্পীদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন।
"অ্যাডাম ছিল অসাধারণ। আর ড্রিউ ব্যারিমোর আর শ্যাক ও'নিলের মতো তারকাদের সঙ্গে কাজ করতে পেরেও ভালো লেগেছে।"
ছবিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের ভূমিকাতেই অভিনয় করেছেন স্টেইন।
"ছবিতে আমাকে ড্রিউয়ের ছেলের দিকে বল করতে হয়েছে যাকে আবার কোচিং করাচ্ছেন স্যান্ডলার।"
স্টেইন জানান, স্যান্ডলারের বাসায় ডিনারের আমন্ত্রণে গিয়ে তার গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। প্রিয় তারকার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এই পেসার।
"তার অনেকগুলো ছবি দেখায় মনে হচ্ছিল, আমি তাকে অনেকদিন ধরেই চিনি। তার সঙ্গে সময় কাটানোটা আনন্দের। আমরা এখন খুব ভালো বন্ধু।"
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে স্যান্ডলারের সঙ্গে নিজের কিছু ছবিও দিয়েছেন স্টেইন।
ফ্রাংক কোরাকি পরিচালিত 'দ্য ফ্যামিলিমুন' মুক্তি পাবে আগামী বছর।
