২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টির যন্ত্রণা

০-২ ব্যবধানে পিছিয়ে পড়লেও মাইকেল ক্লার্ক অ্যাশেজ জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়কের স্বপ্নপূরণে বাদ সেধেছে বৃষ্টি। চতুর্থ দিন আলোর স্বল্পতা আর বৃষ্টির কারণে চা-বিরতির পর আধ ঘণ্টার বেশি খেলা হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 12:40 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সে সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৭২ রান। ৩ উইকেট হাতে নিয়ে সব মিলিয়ে ৩৩১ রানে এগিয়ে আছে অতিথিরা।

রোববার ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ফলো-অন এড়াতে আরো ৩৪ রান প্রয়োজন ছিল।

ম্যাট প্রায়রের (৩০) সঙ্গে স্টুয়ার্ট ব্রডের (৩২) ৫৮ রানের জুটির সৌজন্যে ফলো-অন এড়ালেও স্বাগতিকদের সংগ্রহটা তেমন বড় হতে পারেনি। প্রতিপক্ষকে ৩৬৮ রানে অলআউট করে ১৫৯ রানের লিড নেয় অস্ট্রেলিয়া।

৬৩ রানে ৪ উইকেট নিয়ে পিটার সিডল অস্ট্রেলিয়ার সেরা বোলার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় ফেরা ডেভিড ওয়ার্নারের (৪১) দৃঢ়তায় ১ উইকেটে ৭৪ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে যায় অতিথিরা।

কিন্তু তারপরই শুরু হয় ছন্দপতন। প্রথম ইনিংসে বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়া উসমান খাজা (২৪) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (অপরাজিত ৩০) ছাড়া আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে না পারায় বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

তবে দলের বিপদ নিয়ে উদ্বেগের চেয়ে ক্লার্কের মনে ক্ষোভই বেশি। আলোর স্বল্পতার কারণে আম্পায়ার টনি হিল ও মারাইস এরাসমাসের খেলা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক। মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় তার শরীরে ক্ষোভটা ফুটে উঠছিল স্পষ্টভাবে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫২৭/৭ ডিক্লে. (ক্লার্ক ১৮৭, স্মিথ ৮৯, রজার্স ৮৪; সোয়ান ৫/১৫৯) ও ১৭২/৭ (রজার্স ১২, ওয়ার্নার ৪১, খাজা ২৪, ওয়াটসন ১৮, ক্লার্ক ৩০*, স্মিথ ১৯, হ্যাডিন ৮, স্টার্ক ১১, হ্যারিস ০*; ব্রেসনান ২/২৫, অ্যান্ডারসন ২/৩৭, ব্রড ১/৩০, সোয়ান ১/৭৪)

ইংল্যান্ড: ৩৬৮ (কুক ৬২, রুট ৮, ব্রেসনান ১, ট্রট ৫, পিটারসেন ১১৩, বেল ৬০, বেয়ারস্টো ২২, প্রায়র ৩০, ব্রড ৩২, সোয়ান ১১, অ্যান্ডারসন ৩*; সিডল ৪/৬৩, স্টার্ক ৩/৭৬, হ্যারিস ২/৮২, লিয়ন ১/৯৫)