ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিন ৭ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শেষ বেলায় ৫২ রানে স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা।
ফলোঅন এড়াতে এখনো ২৭৬ রান প্রয়োজন পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের।
শুক্রবার ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম ঘন্টার পানি পানের বিরতির পর প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন স্টিভেন স্মিথ (৮৯)। গ্রায়েম সোয়ানের বলে জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত হন তিনি।
গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় একটি পানশালায় ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটকে আঘাত করার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ডেভিড ওয়ার্নার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে পারেন নি।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে সোয়ানের বলে জোনাথন ট্রটের ক্যাচে পরিণত হন ওয়ার্নার (৫)।
গত বছর একটি ত্রিশতক ও তিনটি দ্বি-শতকে পৌঁছানো অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক আরেকটি দ্বি-শতকের দিকে যাচ্ছিলেন। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে যাওয়ায় মাত্র ১৩ রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম দ্বি-শতকে পৌঁছাতে পারেন নি তিনি।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া ক্লার্কের (১৮৭) ৩১৪ বলের ইনিংসে ২৩টি চার।
ক্লার্কের বিদায়ের সাত বলের মাথায় আবার আঘাত। পিটার সিডলকে বোল্ড করে ১৭তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অফস্পিনার সোয়ান।
ব্র্যাড হ্যাডিন ও মিচেল স্টার্কের দৃঢ়তায় আর কোনো সাফল্য পায়নি স্বাগতিকরা। অষ্টম উইকেটে ১১৭ বলে তাদের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে পাঁচশ পেরুয় অস্ট্রেলিয়া। চা-বিরতির পর মাত্র ৪ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে অতিথিরা।
হ্যাডিন ৬৫ রানে অপরাজিত থাকেন। তার ৯৯ বলের ইনিংসে ৬টি চার। ক্যারিয়ারে তৃতীয় অর্ধশতকে পৌঁছানো স্টার্ক অপরাজিত থাকেন ৬৬ রানে। তার ৭১ বলের ইনিংসটি ৯টি চারে সাজানো।
১৫৯ রানে ৫ উইকেট নিয়ে সোয়ান ইংল্যান্ডের সেরা বোলার।
জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ড। পিটার সিডলের বলে শেষ ঘন্টায় জো রুট (৮) ও নাইট ওয়াচম্যান (১) টিম ব্রেসনানের বিদায় স্বাগতিকদের অস্বস্তিতে ফেলে দিয়েছে। দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক হ্যাডিনকে।
অধিনায়ক অ্যালিস্টার কুক ৩৬ ও জোনাথন ট্রট ১ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে সিডিল ২ উইকেট নেন ৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫২৭/৭ ডিক্লে. (ওয়াটসন ১৯, রজার্স ৮৪, খাজা ১, ক্লার্ক ১৮৭, স্মিখ ৮৯, ওয়ার্নার ৫, হ্যাডিন ৬৫*, সিডল ১, স্টার্ক ৬৬*; সোয়ান ৫/১৫৯, ব্রড ১/১০৮, ব্রেসনান ১/১১৪)
ইংল্যান্ড: ৫২/২ (কুক ৩৬*, রুট ৮, ব্রেসনান ১, ট্রট ২*; সিডল ২/৭)
