বোলিং বৈচিত্র্য নিয়ে সন্তুষ্ট জহুরুল
ইংল্যান্ড সফরে বোলিং আক্রমণের ওপরে নির্ভর করছেন ‘এ’ দলের অধিনায়ক জহুরুল ইসলাম।
ইংল্যান্ডের উদ্দেশে যাত্রার আগের দিন শুক্রবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে সাংবাদিকদের জহুরুল বলেন, “আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। পেস-স্পিন দুই বিভাগেই বৈচিত্র্য আছে।”
“পেসার রবিউল (ইসলাম) দুই দিকে বল সুইং করাতে পারে। আল-আমিনের বলে বাউন্স বেশি। কোনো দলে এমন সব বোলার থাকলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হয়। সোহাগ (গাজী) ও সানির (ইলিয়াস) মতো দুজন প্রতিভাবান স্পিনারও আছে আমাদের।”
শনিবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। তিন সপ্তাহের সফরে আটটি ওয়ানডে খেলবে তারা।
৬ অগাস্ট হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর ৯ অগাস্ট ইয়র্কশায়ার, ১১ অগাস্ট ল্যাঙ্কাশায়ার, ১৪ অগাস্ট নটিংহ্যামশায়ার ও ১৬ অগাস্টের প্রতিপক্ষ ওরস্টারশায়ার।
সবশেষে ২০, ২২ ও ২৪ অগাস্ট ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জহুরুল ও তার সতীর্থরা।
শুধু বোলিং আক্রমণ নয়, পুরো দল নিয়েই সন্তুষ্ট জহুরুল। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সফর করা ‘এ’ দলের চেয়ে এই দলটি শক্তিশালী। একজন ছাড়া বাকি সবার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রত্যেকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে এসেছে। আমি তো মনে করি এই দলের প্রত্যেকের জাতীয় দলে খেলার সামর্থ্য আছে।”
হরতাল ও খারাপ আবহাওয়ার কারণে অনুশীলনে সমস্যার সৃষ্টি হলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জহুরুল। তিনি বলেন, “চার সপ্তাহ আমাদের ফিটনেস নিয়ে কাজ হয়েছে। তার পরের দুই সপ্তাহ আমরা স্কিল নিয়ে কাজ করেছি। হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।”
তবে ফিল্ডিং অনুশীলন তেমন ভালো না হওয়ায় এই বিভাগ নিয়ে একটু চিন্তিত ‘এ’ দলের অধিনায়ক। তিনি বলেন, “অনুশীলন ছাড়া ফিল্ডিং ভালো করা যায় না। ইংল্যান্ডে দুটি অনুশীলন সেশন আছে আমাদের। আশা করি তাতে ঘাটতি পুষিয়ে যাবে। ওখানে গিয়ে তিন-চার দিন এক ঘন্টা করে অনুশীলন করলে ফিল্ডিং নিয়ে সমস্যা অনেকটাই কেটে যাবে। যদিও প্রথম দুই-একটা ম্যাচে সমস্যা হতে পারে।”
দল নিয়ে সন্তুষ্টি থাকলেও জহুরুল মনে করেন ইংল্যান্ডে তাদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে কাউন্টি দলগুলোর শক্তির তেমন পার্থক্য নেই। আমাদের প্রতিপক্ষ অন্য দলগুলোও শক্তিশালী।”
