শেষ ওয়ানডেতেও শ্রীলঙ্কার জয়
এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিল শ্রীলঙ্কা। তবু সহজেই ১২৮ রানে জিতেছে স্বাগতিক দল। পাঁচ ম্যাচের সিরিজে তাই তাদের জয়ের ব্যবধান ৪-১।
বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩০৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৩ ওভার ৫ বলে ১৭৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দলীয় ১৩ রানে কুশল পেরেরা (৯) বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে লাহিরু থিরিমান্নের (৬৮) সঙ্গে তিলকরত্নে দিলশানের ১৬৩ রানের চমৎকার জুটি শ্রীলঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
মাত্র এক রানের জন্য সিরিজে দ্বিতীয় শতকের দেখা পাননি ম্যাচ সেরা দিলশান। তার ১১০ বল স্থায়ী ৯৯ রানের আক্ষেপ জাগানো ইনিংসে ১৩টি চার।
দিলশানের বিদায়ের পর কুমার সাঙ্গাকারার মাত্র ৪৫ বলে ১২টি চার সহ অপরাজিত ৭৫ রানের আক্রমণাত্মক ইনিংস স্বাগতিকদের তিন শ’র ওপরে নিয়ে যায়।
জবাবে পেসার সুরাঙ্গা লাকমল (৩/২২) এবং দুই স্পিনার অজন্তা মেন্ডিস (৩/৩৬) ও সচিত্রা সেনানায়েকের (২/২৯) দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা অতিথিদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।
ওয়ানডে সিরিজ শেষে শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ একই ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৭/৪ (দিলশান ৯৯, কুশল পেরেরা ৯, থিরিমান্নে ৬৮, সাঙ্গাকারা ৭৫*, ম্যাথিউস ২৩, থিসারা পেরেরা ১৭*; ম্যাকলারেন ১/৪৭, ফাঙ্গিসো ১/৪৮, সোতসোবে ১/৫২, মরকেল ১/৭৮)
দক্ষিণ আফ্রিকা: ৪৩.৫ ওভারে ১৭৯ (ডি কক ২৭, আমলা ১৮, ডুমিনি ১৫, দু প্লেসি ৬, ডি ভিলিয়ার্স ৫১, বেহারদিন ১, মিলার ০, ম্যাকলারেন ২৯, মরকেল ০, ফাঙ্গিসো ১৮*, সোতসোবে ৩; লাকমল ৩/২২, মেন্ডিস ৩/৩৬, সেনানায়েকে ২/২৯, থিসারা পেরেরা ১/১৭, দিলশান ১/৪১)
ম্যাচ সেরা: তিলকরত্নে দিলশান
সিরিজ সেরা: কুমার সাঙ্গাকারা।
