সিপিএলে মুখোমুখি সাকিব-তামিম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ও তামিম ইকবালের সেইন্ট লুসিয়া জুকস।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। টুর্নামেন্টের সব খেলা দেখাবে সনি সিক্স। ৩০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত সিপিএল হবে।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ দেয়ার জন্য আগেভাগেই স্ত্রীকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেন্ট লুসিয়ার হয়ে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন তিনি।
অন্যদিকে লিস্টারশায়ারের হয়ে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলে বার্বাডোজে পৌঁছান সাকিব। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি লিস্টারশায়ার। ব্যাট-বল হাতে খুব একটা সফল হননি সাকিব। ১০টি ম্যাচ খেলে ১৮.২৫ গড়ে ১৪৬ রান করেছেন সাকিব। সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান। আর ২৭ গড়ে নিয়েছেন ৯ উইকেট; সেরা ২/৭।
সাকিব ও তানিম দু'জনই প্রতিযোগিতার বিদেশি ক্রিকেটারদের তালিকায় ‘এ’ শ্রেণীর অন্তর্ভুক্ত।
বার্বাডোজে সাকিবের সতীর্থ কাইরন পোলার্ড, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ ও উমর আকমল
আর সেইন্ট লুসিয়ায় তামিমের সঙ্গী ড্যারিন স্যামি, হার্শেল গিবস, অ্যালবি মরকেল ও মিসবাহ-উল-হক।
ছয় দলের প্রতিযোগিতার বাকি চার দল অ্যান্টিগা, গায়ানা, জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগো
সাকিব-তামিম দুজনই দেশের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। তবে পুনে ওয়ারিয়র্সে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তামিম।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলেছেন দুজনে। এছাড়া তামিম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
