সহজ জয়ে সিরিজ ভারতের
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নেই, প্রথম সারির বোলাররাও বিশ্রামে। তবু ভারতের দাপটে জিম্বাবুয়ে অসহায়।
রোববার তৃতীয় ওয়ানডেও সহজে ৭ উইকেটে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৩৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
দলীয় ২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিক দল। তৃতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেইলর (২৩) ও হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) ৬৫ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায় জিম্বাবুইয়ান-শিবিরে। কিন্তু এরপর শন উইলিয়ামস (৪৫) ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে না পারায় সংগ্রহটা লড়াই করার মতো হয়নি।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সবচেয়ে বেশি ক্ষতি করেন অমিত মিশ্র। ম্যাচের সেরা খেলোয়াড়ও এই লেগস্পিনার।
জবাব দিতে নেমে আম্বাতি রাইডুর (৩৩) সঙ্গে ৬৪ ও সুরেশ রায়নার (অপরাজিত ২৮) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ রানে অপরাজিত কোহলির ৮৮ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা।
বৃহস্পতিবার বুলাওয়ায়োতে চতুর্থ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৬ ওভারে ১৮৩ (সিবান্দা ০, রাজা ১, মাসাকাদজা ৩৮, টেইলর ২৩, উইলিয়ামস ৪৫, ওয়ালার ০, চিগুম্বুরা ৩, উৎসেইয়া ১০, চাতারা ২৩, ভিটোরি ১৭, চিনুয়া ৬*; মিশ্র ৪/৪৭, সামি ২/২৫, উনাদকাট ১/২৪, বিনয় ১/৩২, জাদেজা ১/৩৯)
ভারত: ৩৫.৩ ওভারে ১৮৭/৩ (রোহিত ১৪, ধাওয়ান ৩৫, কোহলি ৬৮*, রাইডু ৩৩, রায়না ২৮*; চাতারা ১/৩৪, চিনুয়া ১/৩৬, ভিটোরি ১/৫৩)
ম্যাচ সেরা: অমিত মিশ্র।
