২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে বেদির পরামর্শ

ভারতের সাবেক অধিনায়ক বিষান সিং বেদি মনে করেন, ক্রিকেট-ভক্তদের মনে সম্মানজনক জায়গা ধরে রাখতে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে শচীন টেন্ডুলকারকে অবশ্যই সফল হতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 12:56 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার অনেক দিন ধরেই ছন্দহীন। এ বছর চারটি টেস্ট খেলে ৩২ গড়ে ১৯২ রান করেছেন তিনি। গত বছর তো অবস্থা আরো খারাপ ছিল। ২০১২ সালে ৯ টেস্টে ২৩.৮ গড়ে ৩৫৭ রান এসেছিল তার ব্যাট থেকে।

অবিশ্বাস্য হলেও সত্যি, টেন্ডুলকারের ৫১টি টেস্ট শতকের সর্বশেষটির জন্ম ২০১১ সালের জানুয়ারিতে।

ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বেদি তাই টেন্ডুলকারকে ছন্দে ফেরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “মানুষের সম্মান ধরে রাখার জন্য তার (টেন্ডুলকার) রানে ফেরার এটাই সঠিক সময়।”

টেন্ডুলকারকে পরামর্শ দেয়ার পাশাপাশি তার বর্তমান ও সাবেক দুই সতীর্থের প্রশংসা করেছেন বেদি। একজন মহেন্দ্র সিং ধোনি, অন্যজন সৌরভ গাঙ্গুলী।

তার মতে, ভারতীয় দলের বর্তমান সাফল্যের অন্যতম রূপকার সাবেক অধিনায়ক সৌরভ। তিনি বলেন, “ইদানীং আমরা মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে লেখা অনেক কিছুই পড়ি। তবে ভারতের বর্তমান সাফল্যের সোপান সৌরভ গাঙ্গুলীর মাধ্যমে রচিত। ভারতীয় ক্রিকেটে তার বিশাল অবদান।”

বর্তমান অধিনায়ক সম্পর্কে বেদি বলেন, “সৌরভের দেখিয়ে দেয়া পথ ধরে ধোনি দলকে শান্তভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় গুণ মাথা ঠাণ্ডা রাখা।”