মুম্বাই-রাজস্থানে শুরু চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের লড়াই দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। আগামী ২১ সেপ্টেম্বর জয়পুরে খেলাটি অনুষ্ঠিত হবে।
‘এ’ গ্রুপে মুম্বাই ও রাজস্থানের সঙ্গে আরো আছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লায়ন্স এবং অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্স।
আর ‘বি’ গ্রুপে খেলবে গতবারের আইপিএল রানার্সআপ চেন্নাই সুপার কিংস, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন ব্রিসবেন হিট, দক্ষিণ আফ্রিকার টাইটান্স এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো।
টুর্নামেন্টের মুল পর্ব শুরুর চার দিন আগে, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল পর্বের বাকি দুই দলের জন্য বাছাইপর্ব। এতে অংশ নেবে নিউজিল্যান্ডের দল ওটাগো ভোল্টস, ভারতের সানরাইজার্স হায়দ্রাবাদ, পাকিস্তানের ফয়সালাবাদ উলভস ও শ্রীলংকার টি টোয়েন্টি টুর্নামেন্টের সেরা দল।
বাছাইপর্বের সেরা দল খেলবে ‘এ’ গ্রুপে এবং দ্বিতীয় হওয়া দল খেলবে ‘বি’ গ্রুপে।
৬ অক্টোবর দিল্লিতে হবে টুর্নামেন্টের ফাইনাল।
