সেন্ট লুসিয়ায় নাটকীয় ‘টাই’
সেন্ট লুসিয়ায় তৃতীয় ওয়ানডেতে হারেনি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কেউই। শেষ বলে জুনায়েদ খানের থ্রো থেকে উমর আকমল রান আউট করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ নাটকীয়ভাবে 'টাই' হয়েছে।
শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৯ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ২২৯ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও।
৩৯ রানের জুটি গড়ে সেই রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মোহাম্মদ হাফিজের (১৪) সঙ্গে ৫৩ ও অভিষিক্ত হারিস সোহেলের (২৬) সঙ্গে ৬০ রানের দুটি জুটি গড়ে দলকে ৪ উইকেটে ১৭৪ পর্যন্ত নিয়ে যান অধিনায়ক মিসবাহ-উল-হক।
মাত্র ৩ রানের ব্যবধানে মিসবাহ (১১২ বলে ৭৫) ও শহীদ আফ্রিদির বিদায় অস্বস্তিতে ফেলে পাকিস্তানকে। তবে ২৬ বলে আকমল (৩১ বলে ৪০*) ও ওয়াহাব রিয়াজের (১০ বলে ১৯*) ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।
জবাবে ৫০ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। মারলন স্যামুয়েলসের (৪৬) সঙ্গে লেন্ডল সিমন্সের ৯১ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক শিবিরে। দলীয় ১৭৮ রানে সিমন্সের (৮৬ বলে ৭৫) বিদায়ের পর খেলার চিত্র পাল্টে যায়।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের ত্রাতা জেসন হোল্ডার ও কেমার রোচ।
শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল তাদের। শেষ ২ বলে প্রয়োজন ছিল ৯ রান। ওয়াহাবের বলে ৬ মেরে হোল্ডার সমীকরণটাকে নিয়ে যান ১ বলে ৩ রান। কিন্তু শেষ বলে জুনায়েদ খানের থ্রো উমর আকমল ধরতে না পারায় দুই রান করে ম্যাচটি টাই পর্যন্ত নিয়ে যায় স্বাগতিকরা।
এ পর্যন্ত ৩ হাজার ৩৯১ টি ওয়ানডের মধ্যে ৩১টি ওয়ানডে ‘টাই’ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে এটি তৃতীয় টাইয়ের ঘটনা।
পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। রোববার একই ভেন্যু গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে হবে চতুর্থ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২২৯/৬ (শেহজাদ ১৭, জামশেদ ২০, হাফিজ ১৪, মিসবাহ ৭৫, সোহেল ২৬, আকমল ৪০*, আফ্রিদি ১, ওয়াহাব ১৯*; হোল্ডার ২/৪০, ডোয়াইন ব্রাভো ২/৫০, স্যামি ১/৩০, রোচ ১/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৯ (গেইল ৮, চার্লস ৬, ড্যারেন ব্রাভো ১৭, স্যামুয়েলস ৪৬, সিমন্স ৭৫, ডোয়াইন ব্রাভো ১৩, পোলার্ড ০, স্যামি ১০, রোচ ৬*, সুনীল ১৪, হোল্ডার ১৯*; আজমল ৩/৩৬, জুনায়েদ ৩/৫৪, ইরফান ২/৩৪, ওয়াহাব ১/৬৩)
ম্যাচ সেরা: মিসবাহ উল হক ও লেন্ডল সিমন্স।
