২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লা দেখলেন বিসিবি সভাপতি

ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু এই স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে।


বৃহস্পতিবার পরিদর্শন শেষে সংস্কার কাজ প্রসঙ্গে তিনি বলেন, “আইসিসি প্রতিনিধি দলের সুপারিশ অনুযায়ী সাজকক্ষসহ অন্যান্য কাজ চলছে। আশা করছি শিগগিরই বাকি কাজ শেষ হয়ে যাবে।”


তিনি জানান, আউটার স্টেডিয়ামে খেলোয়াড়দের সাজকক্ষের দোতলা ভবন নির্মানের কাজও দ্রুত চলছে।


বোর্ড সভাপতি বলেন, সামান্য বৃষ্টিতে স্টেডিয়ামের বাইরের মাঠটি দুইতে আড়াই ফুট পানি জমে যায়। মাঠটি ডিএনডি এলাকার ভেতরে হওয়াতে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। এ অবস্থার স্থায়ী সমাধান করা দরকার। তাই এই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান করা হবে।


“আমরা কোটি কোটি টাকার খরচ করে মাঠ প্রস্তুত করবো আর সামান্য বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে এটা হতে পারে না।”


স্টেডিয়াম দেখে সন্তোষ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, “এটাকে আমরা বিকল্প ভেন্যু হিসেবে আইসিসির কাছে উপস্থাপন করবো। যদি কোনো একটি ভেন্যুতে আমরা খেলাতে ব্যর্থ হই বা ভেন্যুটি খেলার উপযুক্ত না হয় তবে এই স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।”


প্রিমিয়ার লিগ বার বার পেছানো নিয়ে তিনি বলেন, “আমাদের এখন খেলোয়াড় সংকট রয়েছে।

চোটের কারণে আমরা জাতীয় দলেই ঠিক মতো খেলোয়াড় পাঠাতে পারছি না। বিপিএলসহ টানা অনেকগুলো খেলা হয়ে গেছে আমাদের খেলোয়াড়দের। এখন তাদের বিশ্রামের প্রয়োজন। সামনে বিশ্বকাপ। এখন খেলতে গিয়ে খেলোয়াড়রা চোটে পরে গেলে বিশ্বকাপের সময় আমাদের বেকায়দায় পড়তে হবে। তাই আপাতত প্রিমিয়ার লিগ হচ্ছে না।”


তবে দুই একদিনের মধ্যে বোর্ড বসে প্রিমিয়ার লিগের দল বদলের দিন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।


এর আগে তিনবার দলবলের তারিখ দেয়া হলেও তা পেছানো হয়। সূচি অনুযায়ী মার্চে শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ।


প্রিমিয়ার লিগকে প্রাধান্য দেয়া হয় দাবি করে নাজমুল হাসান বলেন, “আমাদের দেশের খেলোয়াড়দের রোজগারের অনেক রাস্তা হয়েছে। যারা বোর্ডে সাথে চুক্তিবদ্ধ নয় তাদের রোজগারের একমাত্র পথ এই প্রিমিয়ার লিগ। তাই বিপিএল এবং প্রিমিয়ার লীগের মধ্যে আমার কাছে প্রিমিয়ার লিগের প্রধান্য বেশি।”


আইনি জটিলতা শেষ করে আবারো আগামী একমাসের মধ্যে বিসিবির নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।


হরতালের কারণে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে স্টেডিয়ামে আসেন তিনি। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিট্রি সদস্য আইএইচ মল্লিক, লোকমান হোসেন, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী, বিসিবির গণমাধ্যম কমিটির ব্যবস্থাপক রাবীদ ইমাম প্রমুখ।