অভিষেকে অ্যাগারের রেকর্ড
মাত্র ২ রানের জন্য অভিষেক টেস্টে শতকের দেখা পাননি অ্যাশটন অ্যাগার। তবে বৃহস্পতিবার তার রেকর্ড গড়া ৯৮ রান ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৬৫ রানের লিড এনে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায় স্বাগতিক ইংল্যান্ড আপাতত ১৫ রানে এগিয়ে।
বয়স মাত্র ১৯, এবং ট্রেন্ট ব্রিজ টেস্ট অ্যাগারের মাত্র একাদশ প্রথম শ্রেণীর ম্যাচ। তবে বয়স এবং অনভিজ্ঞতাকে এক পাশে সরিয়ে রেখে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে কী অসাধারণ ইনিংসই না খেললেন তিনি! তা-ও দলের ঘোর বিপদের সময়।
৪ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া বেশ মসৃণ গতিতেই এগিয়ে যাচ্ছিল দ্বিতীয় দিনের সকালে। কিন্তু স্টিভেন স্মিথ (৫৩) ম্যাচের প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক করার পরই শুরু হয়ে যায় ‘মড়ক’। যার সূচনা করেন স্মিথ নিজেই, জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক ম্যাট প্রায়রকে ক্যাচ দিয়ে।
পরের ওভারেই ব্র্যাড হ্যাডিন (১) গ্রায়েম সোয়ানের অফ ব্রেকে বিভ্রান্ত হয়ে বোল্ড। অ্যান্ডারসন তখন রীতিমতো ত্রাসের সঞ্চার করে নিজের পর-পর দুই ওভারে ফিরিয়ে দেন পিটার সিডল (১) ও মিচেল স্টার্ককে (০)। দুজনই কট বিহাইন্ড।
এরপর জেমস প্যাটিনসনকেও (২) সোয়ান এলবিডব্লিউর ফাঁদে ফেললে স্কোর দাঁড়ায় ১১৭/৯। ইংল্যান্ড তখন বড় লিড নেয়ার স্বপ্নে বিভোর।
তবে অ্যাগার আসার পর সেই স্বপ্ন গুঁড়িয়ে যেতে সময় লাগেনি। শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাগারকে দারুণ সঙ্গ দিয়েছেন ফিলিপ হিউজ। তাই মাত্র ৬০ বলেই হয়ে যায় ৫০ রানের জুটি।
সোয়ানকে লং-অফের ওপর দিয়ে দারুণ এক ছক্কা এবং ৭টি চার মেরে অ্যাগার অর্ধশতকে পৌঁছে যান ঠিক ৫০ বলে। এরপরও তার ব্যাটের ঔজ্জ্বল্য স্তিমিত হয়নি। শেষ জুটি ভাঙ্গার জন্য ইংল্যান্ড নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর মধ্যাহ্ন-বিরতি নিলেও তাতে কোনো লাভ হয়নি।
মধ্যাহ্ন-বিরতির পরও অ্যাগার-হিউজের ব্যাটের দাপটে তর-তর করে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলীয়রা। অ্যাগারও এগিয়ে যাচ্ছিলেন ইতিহাস গড়ার দিকে।
কিন্তু ৯৮ রানে দাঁড়িয়ে ভুল করেন তিনি। স্টুয়ার্ট ব্রডকে তুলে মারতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় মিড উইকেট সীমানায় ধরে পড়ে যান সোয়ানের হাতে। শতক না পেলেও মাঠ থেকে ফেরার সময় দর্শকদের অভিবাদন ঠিকই পেয়েছেন অ্যাগার।
