২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-ভারত ফাইনাল

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৮১ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বৃহস্পতিবারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 04:34 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

তিন দলেরই চারটি করে খেলা শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। শ্রীলঙ্কার (+০.৩৪৮) সমান ৯ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ (-০.৩৮৩)।

মঙ্গলবার পোর্ট অব স্পেনে টস হেরে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৩ উইকেটে ১১৯ রান করে ভারত। এরপর বৃষ্টি নামলে বিশ্ব চ্যাম্পিয়নরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি। ২৬ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৭৮ রান। কিন্তু ২৪ ওভার ৪ বলে ৯৬ রানেই অলআউট হয়ে যায় তারা।

২৭ রানে শিখর ধাওয়ানের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি। তবে অধিনায়ক বিরাট কোহলির (৩১) সঙ্গে ৪৯ ও দীনেশ কার্তিকের (১২) সঙ্গে ৩৫ রানের ছোট্ট দুটি জুটি গড়ে দলকে ভালো ভিতের ওপর দাঁড় করান রোহিত শর্মা (অপরাজিত ৪৮)।

লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা ভুবনেশ্বর কুমারের মারাত্মক বোলিংয়ে ৩১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই দিক হারায় শ্রীলঙ্কা। পরের ব্যাটসম্যানরাও ভালো করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি তারা। সর্বোচ্চ ২৬ রান দীনেশ চান্দিমালের।

৬ ওভার বল করে ৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর। ১৬ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৯ ওভারে ১১৯/৩ (রোহিত ৪৮*, ধাওয়ান ১৫, কোহলি ৩১, কার্তিক ১২, রায়না ৪*; হেরাথ ২/৩২, ম্যাথিউস ১/৫)

শ্রীলঙ্কা: ২৪ ওভার ৪ বলে ৯৬ (থারাঙ্গা ৬, জয়াবর্ধনে ১১, সাঙ্গাকারা ০, চান্দিমাল ২৬, থিরিমান্নে ০, ম্যাথিউস ১০, মেন্ডিস ১৩, দিলহারা ৬, হেরাথ ৪, এরাঙ্গা ২*, মালিঙ্গা ৭; ভুবনেশ্বর ৪/৮, ইশান্ত ২/১৭, জাদেজা ২/১৭, অশ্বিন ১/২০, উমেশ ১/২৮)

ম্যাচ সেরা: ভুবনেশ্বর কুমার।