টেস্ট র্যাংকিংয়ে একধাপ এগুলো ভারত
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। যথারীতি শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা; আর তৃতীয় স্থানে ইংল্যান্ড।
এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৩৫। ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১১৬ ও ১১২।
ভারতের বিপক্ষে দেশের মাটিতে এবং ভারতের মাঠে দুটি টেস্ট সিরিজ জিতলেও অন্যান্য দলের সঙ্গে খারাপ পারফরম্যান্সের কারণে পিছিয়ে পড়ে ইংলিশরা। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে (৩-০), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (২-০) ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। তাছাড়া এ বছর নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ড্র (০-০) করেছিল তারা।
তবে বুধবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০ বা তার চেয়ে বড় ব্যবধানে জিতলে দ্বিতীয় স্থানে উঠে আসবে ইংল্যান্ড।
তবে অস্ট্রেলিয়া যদি অ্যাশেজের ট্রফি পুনরুদ্ধার করতে পারে তাহলে ইংল্যান্ডকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে মাইকেল ক্লার্করা।
গত মাসে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে অগাস্টের পরিবর্তে প্রতি ১ মে বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করা হবে। সে প্রেক্ষিতে এবার জুলাইয়েই তা প্রকাশ করা হলো।
২০১০ সালের ১ অগাস্টের পর থেকে শেষ হওয়া সব টেস্ট সিরিজের আলোকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
