সাকিব ব্যর্থ, তার দল পরাজিত
ব্যাট হাতে আবার ব্যর্থ সাকিব আল হাসান। বল হাতেও তেমন সাফল্য পাননি। ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ল্যাঙ্কাশায়ারের কাছে লিস্টারশায়ার ৪ রানে হেরে যাওয়ায় রোববার একদমই ভালো কাটেনি ওয়ানডের সেরা অলরাউন্ডারের।
প্রতিযোগিতায় তৃতীয় পরাজয় নর্থ ডিভিশনের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নামিয়ে দিয়েছে সাকিবের দল লিস্টারশায়ারকে।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৫ রান করে ল্যাঙ্কাশায়ার। সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন সাইমন ক্যাটিচ। ২৩ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।
জবাবে ম্যাচ সেরা গ্রেগ স্মিথের ৮৪ রানের পরও ৭ উইকেটে ১৫১ রানে থেমে যায় লিস্টারশায়ারের ইনিংস। ১৬ বলে ১২ রান করা সাকিব বোল্ড হয়ে যান বাঁহাতি স্পিনার স্টেফান পেরির বলে।
২৬ রানে ৩ উইকেট নিয়ে কবির আলী ল্যাঙ্কাশায়ারের সেরা বোলার।
