কোহলির শতকে ভারতের জয়
ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির শতকে শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতি ১০২ রানে হারিয়েছে তারা।
হারের পরও ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। রান রেটে ভারতকে পেছনে ফেলা শ্রীলঙ্কা খেলেছে দুই ম্যাচ।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১১ রান করে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১০ ওভারের সময় বৃষ্টি নামলে স্বাগতিকদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভারে ২৭৩ রান। কিন্তু ৩৪ ওভারে ১৭১ রানেই তাদের অলআউট করে গুরুত্বপূর্ণ একটি বোনাস পয়েন্ট অর্জন করে ভারত।
রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ানের ১২৩ রানের উদ্বোধনী জুটি ভারতকে দারুণ সূচনা এনে দেয়। টিনো বেস্টের বলে রোহিত (৪৬) দীনেশ রামদিনের হাতে ধরা পড়লে ভাঙ্গে ২৩ ওভার ১ বল স্থায়ী জুটি। এরপর বেশিক্ষণ টেকেননি ধাওয়ানও (৬৯)।
১৪১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর প্রায় একাই দলকে লড়াইয়ের মত সংগ্রহ এনে দিয়েছেন কোহলি (১০২)। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৪তম শতকে পৌঁছান তিনি। ম্যাচ সেরা কোহলির ৮৩ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা।
জবাবে জনসন চার্লসের ৪৫ রানের পরও ৫৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি।
পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১৩ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর কেমার রোচ (৩৪) ও সুনীল নারায়ণ (২১) চেষ্টা করলেও বড় হার এড়াতে পারেনি ডোয়াইন ব্রাভোর দল।
ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩১১/৭ (রোহিত ৪৬, ধাওয়ান ৬৯, কোহলি ১০২, রায়না ১০, কার্তিক ৬, বিজয় ২৭, জাদেজা ২, অশ্বিন ২৫*, বেস্ট ২/৫১, পোলার্ড ১/২১, স্যামুয়েলস ১/৩৯, ডোয়াইন ব্রাভো ১/৫৭, রোচ ১/৬৯)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪ ওভারে ১৭১ (গেইল ১০, চার্লস ৪৫, ড্যারেন ব্রাভো ১, স্যামুয়েলস ৬, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ১৪, রামদিন ৯, স্যামি ১২, রোচ ৩৪, সুনীল ২১, বেস্ট ০*; ভুবনেশ্বর ৩/২৯, উমেশ ৩/৩২, ইশান্ত ২/৩০, জাদেজা ২/৪৪)
ম্যাচ সেরা: বিরাট কোহলি।
