২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরের ক্রিকেটার রসুলের ‘ইতিহাস’

জম্মু ও কাশ্মিরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অফস্পিনার পারভেজ রসুল। আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রসুলের থাকা ছাড়াও বড় ঘটনা পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটের কারণে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বিরাট কোহলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

জুলাই-অগাস্টের এই সফরে পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। ম্যাচগুলো হবে ২৪, ২৬, ২৮ ও ৩১ জুলাই এবং ৩ অগাস্ট। প্রথম তিনটি ম্যাচ হবে হারারেতে, শেষ দুটির ভেন্যু বুলাওয়ে।

২৪ বছর বয়সী রসুল অফ ব্রেক করার পাশাপাশি ব্যাট হাতেও মোটামুটি দক্ষ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৩১.০৪ গড়ে ৪৬ উইকেট নেয়া ছাড়াও ৩৮.৫৭ গড়ে ১,০০৩ করেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ৪৫ রানে ৭ উইকেট নিয়ে প্রথম আলোচনায় আসেন রসুল।

ভারতের সাবেক বাঁহাতি স্পিনার ও অধিনায়ক বিষান সিং বেদি তো তার প্রশংসায় পঞ্চমুখ। জম্মু ও কাশ্মির দলের কোচ থাকার সময় রসুলকে খুব কাছ থেকে দেখা বেদি বলেন, “সে একজন প্রথাগত অফস্পিনার, মেধাবী অলরাউন্ডার এবং খুবই ভালো অ্যাথলেট।”

রসুল ছাড়া ভারতীয় দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মোহিত শর্মা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেয়া হয়েছে। বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। আর দলে ফিরেছেন চেতেশ্বর পুজারা, জয়দেব উনাদকাট ও অজিঙ্কা রাহানে।  

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, দীনেশ কার্তিক, চেতেশ্বর পুজারা, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, পারভেজ রসুল, সামি আহমেদ, বিনয় কুমার, জয়দেব উনাদকাট ও মোহিত শর্মা।