২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-কাণ্ডে হতাশ মুশফিক

ম্যাচ পাতানোর সঙ্গে মোহাম্মদ আশরাফুলের জড়িত থাকার ন্যক্কারজনক ঘটনায় ভীষণ হতাশ ও মর্মাহত মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

তিনি বলেন, “আমরা সব সময় মনে করতাম বাংলাদেশের কোনো ক্রিকেটার ম্যাচ পাতানোর মতো কলঙ্কজনক ঘটনার সঙ্গে নিজেকে জড়ায় না। কয়েক জন এমন প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেয়ায় তাদের সাধুবাদ জানাতেই হয়। সততার সুনাম ছিল বলেই আমরা খারাপ খেললেও কেউ প্রশ্ন তুলতো না।” “দুঃসংবাদটা শুনে ভীষণ মন খারাপ হয়েছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আন্তর্জাতিক ম্যাচও এর মধ্যে থাকায় আরো অবিশ্বাস্য ও অস্বাভাবিক মনে হয়েছে। এখনো তদন্ত চলছে। তাই জানি না আসল ঘটনা কী। কিন্তু এটা ভীষণই অনাকাঙ্ক্ষিত ঘটনা।” গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংসের ম্যাচ ছাড়াও বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্ত করবে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)। আকসুর কাছে আশরাফুল যে তিনটি সন্দেহজনক ম্যাচের কথা বলেছেন তার একটিতে মুশফিক অধিনায়ক ছিলেন। গত মাসে জিম্বাবুয়ে সফর চলার সময় জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়া মুশফিক বলেন, “অনেক দিন ধরে তার (আশরাফুলের) সঙ্গে আছি। কিন্তু আমরা কিছু আঁচ করতে পারিনি। মাশরাফি ভাই তো এক রুমে থেকেও কিছু টের পাননি।” “দোষী প্রমাণিত হলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিৎ। দেশের তরুণ ক্রিকেটাররা তাহলে বুঝতে পারবে এটা কত বড় অপরাধ। কোনো খেলোয়াড়েরই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিৎ নয়।”